বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৬:২২ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৭:২৪ পিএম
সমাজের নানা অসঙ্গতি ও ন্যায়ের বিজয়ের গল্প দেখাবে ‘রাগী’ সিনেমা। এটি আপাদমস্তক অ্যাকশন ছবি। বিনোদনের সব উপকরণ ছবিটিতে আছে। দর্শকের পয়সা উসুল হবে। সেন্সর পাওয়ার পর এমনটাই বলেছিলেন ছবির নায়ক পারভেজ আবির চৌধুরী। অবশেষে সেই আভাস মিলল ‘রাগী’র প্রথম মোশন টিজারেও।
পরিচালক মিজানুর রহমান মিজান নির্মাণ করেছেন ছবিটি। অক্টোবরে মুক্তির আয়োজনের অংশ হিসেবে পরিচালক দর্শককে চমকে দিতে মুক্তি দিলেন মোশন টিজারটি। ১ মিনিট ১৬ সেকেন্ড দৈর্ঘের টিজারে চলচ্চিত্রটির চোখ ধাঁধানো কিছু অ্যাকশন দৃশ্য দেখা গেছে। অ্যানিমেশনের উপস্থিতিও নজর কেড়েছে আলাদা করে। সঙ্গে পারভেজ আবির চৌধুরীর ভরাট কণ্ঠে ছড়িয়েছে অন্যরকম আবেদন। ২৬ সেপ্টেম্বর রাতে প্রকাশ হওয়া টিজারটি বেশ আলোচনায় এসেছে। নায়ক অবশ্য এর কৃতিত্ব দিচ্ছেন পরিচালককেই।
ছবির টিমের পক্ষা থেকে বলা হচ্ছে, এককভাবে কোনো নায়কের ওপর মোশন টিজার এটিই বাংলাদেশে প্রথম।
সিনেমাটিতে অ্যাকশন লুকে দেখা দেবেন পারভেজ আবির চৌধুরী। সঙ্গে অভিনেত্রী মুনমুনের চমকজাগানিয়া চরিত্র। এমন চরিত্রে দর্শক তাকে প্রথমবার দেখবেন। তিনি ছবিটিতে প্রধান খলচরিত্রে দেখা দেবেন।
গত ২৬ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যা ৭টায় মোশন টিজারটি প্রকাশের সঙ্গে ফেসবুকে একটি দীর্ঘ পোস্টও জুড়ে দেন পরিচালক মিজান। সেখানে তিনি লেখেন, ‘যেকোনো পেশাদার তার প্রথম লক্ষ্য হলো সফলতার মাঝে নন্দিত হওয়া। সেই স্বপ্নের জায়গা থেকে সিনেমাটির মূল চরিত্র অর্থাৎ যথার্থ নায়ক-নায়িকা কে হবেন তা নিয়ে প্রচুর ভাবতে হয়েছে আমাকে। বিশেষ করে নায়ক নির্বাচনে। আমাকে গল্পের সঙ্গে মানানসই অভিনয়, ভরাট কণ্ঠ, দৃঢ়তা, নায়কোচিত কারিশমায় গুণসম্পন্ন ব্যক্তিকে খুঁজতে হয়েছে।
ছবির নায়কের চরিত্রের সব কিছুর সন্নিবেশের উপযুক্ততার কারণেই আমি ‘রাগী’ ছবির জন্য আবির চৌধুরীকে মনোনীত করি। আমার নির্মিত ছবির প্রত্যাশা এবং উপযুক্ততা সবকিছু পূরণে সক্ষমতা দেখিয়েছেন তিনি। আমার মনে হয় ছবিটি মুক্তি পেলে দর্শক নতুন একজন তারকার মুখোমুখি হবেন, যিনি সবার মন জয় করে নেবেন।’
নায়ক আবির ছবিটি নিয়ে বলেন, ‘আমরা চেষ্টা করেছি দর্শক যেন বিনোদিত হয় সিনেমাটি দেখে। তাদের পয়সা যেন উসুল হয়। আশা করছি সেই প্রত্যাশায় আমাদের যে শ্রম দিয়েছি তা স্বার্থক হবে।’
‘রাগী’ সিনেমায় পারভেজ আবির চৌধুরী ও অ্যাকশন কুইন মুনমুন ছাড়া আরও আছেন আঁচল, মৌমিতা মৌ, শতাব্দী ওয়াদুদ, মারুফ আকিব, খালেদা আক্তার, শাকিল আহমেদ, কাজী হায়াৎ, অন্তরা জামান, ববি, জিয়া তালুকদার, আরএফ রোমিও, লায়ন প্রমুখ।
পরিচালক জানান, সব ঠাক থাকলে সংবাদ সম্মেলন করে শিগগিরই ‘রাগী’ ছবির ট্রেলার, পোস্টার মুক্তি দেওয়া হবে। পুরো ছবিটি আগামী ১৪ অক্টোবরে মুক্তির কথা রয়েছে।
প্রবা/এলএ/এমআই