প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৩ ১২:১৩ পিএম
ঢাকাই সিনেমার এ সময়ের সম্ভাবনাময় চিত্রনায়ক আদর আজাদ। ঈদের সিনেমা ‘লোকাল’ দিয়ে আলাদাভাবে নজর কেড়েছেন তিনি। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটি ভালোই দর্শক টেনেছে। সিনেমার গানগুলোও মুগ্ধ করেছে শ্রোতাদের। তার অভিনীত ক্যারিয়ারের চতুর্থ সিনেমা এটি। তৃতীয় সপ্তাহে এসেও সগৌরবে চলছে বিভিন্ন প্রেক্ষাগৃহে। সব মিলিয়ে সময়টা বেশ ভালো যাচ্ছে নায়ক আদরের। তার মধ্যে যোগ হয়েছে জন্মদিনের আনন্দ। গেল বুধবার ছিল আদর আজাদের জন্মদিন। জীবনের বিশেষ এই দিনের প্রথম প্রহরেই পেলেন সুখবর। নতুন সিনেমা উপহার পেলেন তিনি। স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির নাম ‘লিপস্টিক’।
এ সিনেমার মাধ্যমে আদরের বিপরীতে কাজ করতে চলেছেন কলকাতার লাস্যময়ী চিত্রনায়িকা দর্শনা বণিক। এ নিয়ে তৃতীয়বারের মতো ঢাকাই সিনেমায় কাজ করতে চলেছেন তিনি। এর আগে এই অভিনেত্রী শাকিব খান ও রোশানের বিপরীতে দুটি সিনেমায় অভিনয় করেছেন। এবার তিনি ‘লোকাল’ বয় আদরের নায়িকা হয়ে আসছেন বাংলাদেশের দর্শকের কাছে।
নতুন সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘এটা আমার জন্য দারুণ আনন্দের একটি প্রাপ্তি। জন্মদিনের রাতে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি, ভালো কিছু দিতে পারব এ সিনেমা দিয়ে। এবারের জন্মদিনে অনেক উপহার পেয়েছি। কিন্তু এই উপহারটি আমার কাছে অন্যরকম স্পেশাল।’
আদরের সঙ্গে কাজটি করছেন জানিয়ে কলকাতা থেকে দর্শনা বলেন, ‘অনেক আগেই সিনেমাটি নিয়ে কথা হয়েছে। গল্পটি শুনে বেশ ভালো লেগেছে। সব কিছু মিলে যাওয়াতে কাজটি করছি। শাকিব খানের পর নতুন নায়ক আদর আজাদের সঙ্গে দ্বিতীয়বার ঢাকার সিনেমায় কাজ করতে যাচ্ছি। বেশ ভালো লাগছে। ঢাকার দর্শকরা ভিন্ন স্বাদের একটি সিনেমা পেতে চলেছেন ‘
লিপস্টিক সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এটি পরিচালনা করবেন কামরুজ্জামান রুমান। তিনি জানান, আগামী জুলাইয়ে সিনেমাটির শুটিং শুরু হবে।