প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ মে ২০২৩ ১৩:৩৭ পিএম
আপডেট : ০৬ মে ২০২৩ ১৫:০৫ পিএম
২০২২ সালের মিস ইউনিভার্সের ফাইনালিস্ট এবং অস্ট্রেলিয়ান ফ্যাশন মডেল সিয়েনা উইয়ার। ছবি : সংগৃহীত
২০২২ সালের মিস ইউনিভার্সের ফাইনালিস্ট এবং অস্ট্রেলিয়ান ফ্যাশন মডেল মাত্র ২৩ বছর বয়সি সিয়েনা উইয়ার ঘোড়ায় চড়ার সময় মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্ক পোস্ট। গত মাসে নিজ দেশ অস্ট্রেলিয়ায় ঘোড়ায় চড়ার সময় একটি মারাত্মক দুর্ঘটনার শিকার হন তিনি।
২ এপ্রিল অস্ট্রেলিয়ার উইন্ডসর পোলো গ্রাউন্ডে চড়ার সময় তার ঘোড়া পড়ে গিয়েছিল।
আঘাতের কারণে তাকে বৃহস্পতিবার (৪ মে) পর্যন্ত লাইফ সাপোর্টে রাখা হয়েছিল বলে জানা গেছে।
মডেলিং এজেন্সি স্কুপ ম্যানেজমেন্টও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং বৃহস্পতিবার ইনস্টাগ্রামে তার বেশ কয়েকটি ছবি শেয়ার করে এর ক্যাপশন লিখেছে, ‘আমাদের হৃদয়ে চিরকাল।’
প্রসঙ্গত, সিয়েনা উইয়ার ২০২২ সালের অস্ট্রেলিয়ান মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ২৭ জন ফাইনালিস্টের একজন ছিলেন।
তিনি সিডনি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য ও মনোবিজ্ঞানে ডাবল ডিগ্রি অর্জন করেছিলেন।
তিনি আগে স্থানীয় আউটলেটগুলোকে বলেছিলেন, তিনি তার কর্মজীবন চালিয়ে যাওয়ার জন্য যুক্তরাজ্যে যাওয়ার পরিকল্পনা করছেন।
তিনি সে সময় বলেছিলেন, ‘আমি আমার বোন, ভাগ্নি এবং ভাগ্নের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চাই এবং আমার পেশাদার ও সামাজিক নেটওয়ার্ক উভয়ই প্রসারিত করতে চাই।’
অস্ট্রেলিয়ান ফিটনেস মডেলের ঘোড়ায় চড়ার প্রতি আজীবন ঝোঁক ছিল বলে জানা গেছে।
তিনি গোল্ড কোস্ট ম্যাগাজিনকে বলেছিলেন, ‘যদিও আমি আমার জীবনের বেশিরভাগ সময় শহরে কাটিয়েছি, কিন্তু শো জাম্পিংয়ের প্রতি আমার গভীর এবং অটল ভালোবাসা রয়েছে। আমার পরিবার নিশ্চিত নয় যে এ আবেগ কোথা থেকে এসেছে। আমি তিন বছর বয়স থেকে ঘোড়ায় চড়ছি এবং এটি ছাড়া আমার জীবন কল্পনা করতে পারি না। আমি প্রতি সপ্তাহে নিউ সাউথ ওয়েলস বা বৃহত্তর অস্ট্রেলিয়ার আশপাশে প্রশিক্ষণ এবং প্রতিযোগিতার জন্য সপ্তাহে দু-তিনবার সিডনির গ্রামে ভ্রমণ করি।’
ইতোমধ্যে মডেলিং ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব, পরিবার এবং সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সিয়েনা উইয়ারের প্রতি তাদের সমবেদনা প্রকাশ করেছেন।
অস্ট্রেলিয়ান স্বনামধন্য ফটোগ্রাফার ক্রিস ডোয়ায়ার লিখেছেন, ‘আপনি বিশ্বের অন্যতম দয়ালু আত্মা ছিলেন। আপনি ঘরটি আলোকিত করেছিলেন এবং আপনি চলে যাওয়ায় পৃথিবী এখন অনেক অন্ধকার হয়ে গেছে।’
সূত্র : এনডিটিভি