প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩ ১২:৩৪ পিএম
গেল বছর বাংলাদেশ উদযাপন করছে সুবর্ণজয়ন্তী উৎসব। এ উৎসবের সময়ে বাংলাদেশের অন্যতম নাটকের দল থিয়েটারও তাদের ৫০ বছর পূর্তি উদযাপন করেছে। বর্ণিল ছিল বছরব্যাপী সেই উদযাপনের উদ্যোগ। দীর্ঘদিনের পথচলায় থিয়েটার এখন পর্যন্ত ৪৭টি প্রযোজনা মঞ্চে এনেছে। এর মধ্যে আছে কালজয়ী ও দর্শকনন্দিত নাটক।
তার মধ্যে উল্লেখ করা যায় আবদুল্লাহ আল-মামুন রচিত ও নির্দেশিত সাম্প্রদায়িকতাবিরোধী দর্শকনন্দিত নাটক ‘মেরাজ ফকিরের মা’-এর কথা। এ ছাড়াও মুক্তিযুদ্ধের সাড়া জাগানো নাটক সৈয়দ শামসুল হক রচিত ও আবদুল্লাহ আল-মামুন নির্দেশিত ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ ও বেশ জনপ্রিয় নাটক। এটি প্রথম অভিনীত হয় ১৯৭৬ সালে। দীর্ঘ পথচলায় থিয়েটার উপহার দিয়েছে অনেক নন্দিত নির্দেশক, চিত্রনাট্যকার, শিল্পী ও কলাকুশলী।
তাদের মধ্যে বিখ্যাত নাম দলের কাণ্ডারি রামেন্দু মজুমদার। থিয়েটারের হাত ধরেই তার স্ত্রী ফেরদৌসী মজুমদার ও কন্যা ত্রপা মজুমদারও বেশ শ্রদ্ধার আসন গড়ে নিয়েছেন দেশের নাটক তথা সংস্কৃতির অঙ্গনে। এই ত্রয়ী মঞ্চে হাজির হচ্ছেন থিয়েটারের নতুন নাটক ‘লাভ লেটারস’ নিয়ে। নাটকটিতে দুটি চরিত্র। সে দুই চরিত্রে পাঠাভিনয় করবেন রামেন্দু-ফেরদৌসী দম্পতি। তারা অভিনয় করবেন কন্যা ত্রপার পরিচালনায়।
আসছে ৫ ও ৬ মে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটকটি। এটি থিয়েটারের ৪৮তম প্রযোজনা। গেল বছরের জুনে একসঙ্গে মঞ্চে কাজ করেছিলেন রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার ও ত্রপা মজুমদার। সে নাটকের নাম ‘পোহালে শর্বরী’। এটি যৌথভাবে নির্দেশনা দিয়েছিলেন রামেন্দু মজুমদার ও ত্রপা মজুমদার। সেখানে নির্দেশনার পাশাপাশি অভিনয়ও করেছিলেন ত্রপা। পোহালে শর্বরীর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানভীন সুইটি, আপন আহসান, তানজুম আরা পল্লী, তানভীর হোসেন সামদানী, নূর-এ-খোদা মাশুক সিদ্দিকী, শেকানুল ইসলাম শাহী, সামিয়া মহসীন, নাজমুন নাহার নাজু, রবিন বসাক, রাশেদুর রহমান, জোয়ারদার সাইফ, মুশফিকুর রহমান, সামিরুল আহসান, গুলশান আরা মুন্নী ও মাহমুদা আক্তার লিটা।
সেখানে পোশাক পরিকল্পনা করেন ফেরদৌসী মজুমদার।
প্রায় ১০ মাস পর আবারও দেশের দুই কিংবদন্তি রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদারকে মঞ্চে ফিরতে দেখা যাবে নতুন নাটক ‘লাভ লেটারস’ দিয়ে। এবার তারা দুজন অভিনয়শিল্পী। এককভাবে এটি নির্দেশনা দেবেন তাদের কন্যা ত্রপা মজুমদার। চমক ও নতুনত্বের প্রত্যাশায় এরই মধ্যে নাটকটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। দর্শকদের আগ্রহ জন্মেছে বলেও জানা গেছে থিয়েটার সূত্রে। অনেকে অগ্রিম টিকিট বুক করছেন। থিয়েটারের সঙ্গে যোগাযোগ করে অগ্রিম টিকিট বুক করা যাচ্ছে। সেই সঙ্গে টিকিট পাওয়া যাবে সরাসরি শোর দিন বিকেল ৫টায় ভেন্যুতে গিয়েও।
এই নাটকটি নিয়ে ত্রপা মজুমদার বলেন, ‘নাটকটি আমার কাছেও বিশেষ। অনেক দিন পর থিয়েটারের জন্য নতুন নাটক আসতে চলেছে। সেই সঙ্গে এই প্রথমবার আমরা পাঠাভিনয় নিবেদন করছি। পাশাপাশি এখানে অভিনয় করবেন আমাদের প্রিয় দুজন শিল্পী। তারা আমার বাবা-মা বলে নাটকটিকে ঘিরে আনন্দটা একটু বেশিই। আশা করছি খুব ভালো অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নিতে পারব।’
মেয়ের নির্দেশনায় মঞ্চে ফিরতে পেরে খুশি ফেরদৌসী মজুমদারও। তিনি বলেন, ‘ত্রপার সঙ্গে কাজ করতে আমার সব সময়ই ভালো লাগে। ও বেশ গুছিয়ে কাজ করে। যত্ন নেয়। ওর কাজের প্রতি মমতা আমাকে মুগ্ধ করে। আমরা তৈরি হচ্ছি নতুন একটি কাজ নিয়ে। লাভ লেটারস নাটকটি খানিকটা ব্যতিক্রম। এখানে চিঠি পাঠ করার সঙ্গে অভিনয়টা করতে হবে। চমকপ্রদ উপস্থাপনা।’
লাভ লেটারস নাটকটি বিদেশি নাটক অবলম্বনে মঞ্চে আনছে থিয়েটার। বহু দেশের নাটকের দল এটি নানা ভাষায় মঞ্চস্থ করেছে। থিয়েটারের জন্য এটি বাংলায় রূপান্তর করেছেন আবদুস সেলিম।