প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ১৩:২০ পিএম
বিশ্ব চলচ্চিত্রের আইকন তিনি। পর্দায় তার উপস্থিতি মানেই বিনোদন। তিনি কাঁদতে কাঁদতে হাসান, প্রেম করতে গিয়ে হাসান, মারপিট করতে করতেও হাসান। অনবদ্য তার অভিনয়। আর সেই গুণের জোরেই এশিয়ার অভিনেতা হয়েও হলিউডেও তার প্রভাব প্রথম সারিতে। বলছি নন্দিত অভিনেতা জ্যাকি চ্যানের কথা। আজ তার ৬৯তম জন্মদিন। ১৯৫৪ সালের ৭ এপ্রিল হংকং শহরে জন্মগ্রহণ করেন এই তারকা অভিনেতা।
বিশ্বজুড়ে জ্যাকি চ্যান নামে পরিচিত হলেও জন্মসূত্রে তার নাম রাখা হয় চ্যান কং স্যাং। ষাটের দশকে প্রথম চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন তিনি। অভিনয় জীবনে এখন পর্যন্ত প্রায় ১৫০টিরও বেশি ছবিতে কাজ করেছেন মার্শাল আর্ট তারকা। বলে রাখা ভালো তিনি শুধুই একজন অভিনেতা নন, একই সঙ্গে তিনি অ্যাকশন কোরিওগ্রাফার, চলচ্চিত্র প্রণেতা, রঙ্গ অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, উদ্যোক্তা, কণ্ঠশিল্পী ও স্টান্ট পারফর্মারও। এইসব বহুমুখী প্রতিভাই তাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দিয়েছে। ব্যক্তিগত অর্জনের ঝুলিতে আছে হংকং অ্যাভিনিউ অব স্টারস ও হলিউড ওয়াক অব ফ্রেমের মতো পুরস্কার। ‘দ্য বিগ ব্রল’, ‘ক্যানোবল রান’, ‘দ্য ইয়ং মাস্টার’ ও ‘ড্রাগন লর্ড’-এর মতো অসংখ্য ছবিতে তার অভিনয় মুগ্ধ করে রেখেছে চলচ্চিত্রামোদীদের।
মুক্তির অপেক্ষায় আছে তার নতুন সিনেমা ‘মুভ অন’। সম্প্রতি ছবিটির প্রচারণায় অংশ নিয়েছিলেন এ অভিনেতা। সেখানে বর্তমানে সিনেমাতে কারাতের অবস্থান ও নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে আরেকজন জ্যাকি চ্যানকে তৈরি করার চিন্তা করেছিলাম। এখন কুংফুতে দক্ষতার চেয়ে চেহারাকেই প্রাধান্য দেওয়া হয়।’ তিনি আরও বলেন, ‘ফাইটিংয়ের দক্ষতার প্রয়োজন নেই। দেখতে–শুনতে ভালো আর যথেষ্ট জনপ্রিয় হলেই চলবে। আপনি শুধু দাঁড়িয়ে থাকবেন, স্টান্টম্যানই আপনার কাজ করে দেবে।’
৬৯ বছর বয়সি জ্যাকি চ্যান সিনেমায় কুংফুর কারিকুরি দেখিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন। ছয় দশক ধরে অভিনয় করে চলেছেন তিনি; সিনেমার দৃশ্য বাস্তবসম্মত করতে জ্যাকি এখনও নিজেই নিজের স্টান্ট করেন।