প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১৬:৪০ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১৬:৫৫ পিএম
রাজধানীর বঙ্গবাজারে মঙ্গলবার ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে অসংখ্য মানুষের স্বপ্ন ও শেষ সম্বল। দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ঘটনার প্রায় দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। আর আগুনে পুড়ে গেছে প্রায় ৫ হাজার দোকান।
দোকানদার ও তাদের আত্মীয়-স্বজনদের আহাজারির ছবি এখন ফেসবুকের দেয়ালে দেয়ালে। বলা চলে, সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে শোকের মাতম।
আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য ইতোমধ্যেই দেশের মানুষদের আহ্বান জানিয়েছে শোবিজের তারকা শিল্পীরা। তাদের পাশে থেকে ঘুরে দাঁড়ানোর সাহস দেওয়ার কথাও বলেছেন অনেকে।
ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলেন ঢাকাই সিনেমার সুন্দরী চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তার চিকিৎসাপ্রতিষ্ঠান ‘হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিক’-এর পক্ষ থেকে ১ লাখ টাকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মিষ্টি জান্নাত বলেন, ‘বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের আমার প্রতিষ্ঠানের আয় থেকে ১ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সঙ্গে বিত্তবান ও যারা অসহায়দের পাশে দাঁড়াতে ইচ্ছুক, তাদের সবাইকে আহ্বান করব কিছু একটা করার। চাইলে তারা আমার যেকোনো সহযোগিতা নিতে পারেন। বঙ্গবাজার ক্ষতিগ্রস্তদের হাহাকার আর সহ্য করা যাচ্ছে না। তাদের জন্য কিছু করতে পারলে নিজেকেই ভাগ্যবান মনে করব।’
এই অভিনেত্রী আরও বলেন, ‘আমার পরিচিত সবার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। অনেকেই এগিয়ে আসছে। আমি আমার ভক্ত-দর্শকদেরও বলতে চাই, আপনারা চাইলেও আমার সঙ্গে এগিয়ে আসতে পারেন। সবাইকে সঙ্গে নিয়েই তাদের পাশে দাঁড়াতে চাই।’