প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১৩:৩২ পিএম
দেশীয় নির্মাতাদের মাঝে শিশু চরিত্রকে প্রধান করে খুব একটা কাজ করতে দেখা যায় না। সেই স্রোতের বিপরীতে ওয়াজেদ আলী সুমন নির্মাণ করতে যাচ্ছেন পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘ছায়া’। এখানে প্রধান দুটি চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে দুই শিশুশিল্পীকে। তাদের একজন সিমরিন লুবাবা। তার সঙ্গে আছেন অর্নিল।
সিনেমাটির শুটিং এই মাসের ২ তারিখ শুরু হয়েছে। ঢাকার বিভিন্ন স্থানে চলছে দৃশ্যধারণের কাজ। চলবে এই মাসের ২০ তারিখ পর্যন্ত। সিনেমার গল্প ও পরিকল্পনা নিয়ে প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে কথা হয় নির্মাতা ওয়াজেদ আলী সুমনের। তিনি বলেন, ‘চলচ্চিত্রটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও আমার। আমার অনেক দিনের পরিকল্পনা ছিল ছবিটি নিয়ে। এর আগে আমি বাণিজ্যিক সব সিনেমা করলেও শিশুদের নিয়ে কখনও কাজ করা হয়নি।’
সুমন আরও বলেন, ‘আসলে শিশুদের গল্প নিয়ে আমাদের দেশে খুব একটা কাজ হয় না। কিন্তু আপনি বিদেশি ইন্ডাস্ট্রিগুলোর দিকে খেয়াল করলে দেখবেন, প্রতিবছরই শিশুদের নিয়ে নানা রকম নির্মাণ। যার ফলে কী হচ্ছে, সেসব ইন্ডাস্ট্রি তাদের ভবিষ্যৎ তারকা খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা তৈরি করছে। এটা কিন্তু একটি দেশের ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো একটি বিষয়। আমাদের দেশে এই প্র্যাকটিস নেই বললেই চলে। সেই ধারণা থেকে বের হতেই ‘ছায়া’ সিনেমাটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। এই সিনেমা দিয়ে সিমরিন দর্শকের মনে দাগ কাটবে বলে আশা করছি। অর্ণিলও খুব ভালো কাজ করছে।
এ ছাড়াও এই সিনেমার বাকি চরিত্রগুলো যে দুর্বল, তা কিন্তু নয়। সিনেমায় বুবলি, আসিফ নূর ও পল্লবের মতো তারকারাও রয়েছেন। এটা একটি তারকাবহুল সিনেমা। সিনেমাটি দেখলে পয়সা উসুল হবে দর্শকের।
এদিকে ‘ছায়া’ সিনেমা দিয়ে প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছে দেশের জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা। প্রতিদিনের বাংলাদেশের কাছে নিজের অনুভূতির কথা প্রকাশ করতে গিয়ে সিমরিন বলে, ‘এটি নিঃসন্দেহে আমার জন্য বড় একটি এচিভমেন্ট। শিশু বয়সেই প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়াটা আনন্দের ও গর্বের। এই প্রজেক্টের জন্য যারা আমাকে পছন্দ করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আশা করি, সবাই মিলে ভালো একটি সিনেমা উপহার দিতে পারব। এ ছাড়া সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সামনে আরও ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি।’
সিনেমাটি এ বছরের শেষের দিকে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন পরিচালক ওয়াজেদ আলী সুমন।