× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মনের তাড়নায় অভিনয় করে যাচ্ছি: তারিক আনাম খান

সৌম্য প্রীতম

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১৩:০৬ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১৩:০৯ পিএম

মনের তাড়নায় অভিনয় করে যাচ্ছি: তারিক আনাম খান

তারিক আনাম খান। নন্দিত অভিনেতা। সারা বছর ব্যস্ত থাকেন বিভিন্ন মাধ্যমে অভিনয়ে। তাকে নিয়মিতই দেখা যায় টিভি নাটক, ওয়েব সিরিজ ও সিনেমায়। ঈদকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে। কিছুদিনের মধ্যে অংশ নেবেন ছোটকাকু সিরিজের নতুন নাটক ‘পাবনার ভাবনা’র শুটিংয়ে। এ ছাড়াও সাম্প্রতিক সময়ে মঞ্চ নিয়ে ভাবনার কথাও জানালেন তিনি। লিখেছেন সৌম্য প্রীতম...

শব্দ শুনে মনে হচ্ছে শুটিংয়ে আপনি?

হ্যাঁ, ধারাবাহিক নাটক ‘আনারকলি’র শুটিং সেটে সকাল থেকেই কাজ করছি। বিরতি চলছে এখন। অনেক দিন ধরে নাটকটির দৃশ্যধারণ চলছে। খুব ভালো একটি গল্প। এটি রচনা করেছেন রশীদ ইকবাল। পরিচালনা করছেন ইসমত আরা চৌধুরী শান্তি। 

সম্প্রতি ছোটকাকু সিরিজের নতুন প্রযোজনা ‘পাবনার ভাবনা’ নাটকে যুক্ত হলেন...

বেশ কিছুদিন আগে নাটকটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। ছোটকাকু সিরিজ দর্শকের কাছে খুব জনপ্রিয়। বিশেষ করে শিশু-কিশোরদের কাছে। আগ্রহ নিয়ে তাই কাজটি করছি। এ নাটকে সহশিল্পী হিসেবে আফজাল হোসেন, জয়ন্ত চট্টোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, সমু চৌধুরীসহ আমাদের সমসাময়িক অনেকেই অভিনয় করছেন। আগামী ১২ এপ্রিল আমি নাটকটির শুটিংয়ে অংশ নেব। 

ঈদকে ঘিরে দর্শক আপনার কাছ থেকে কি চমক পাবেন...

প্রতিটি কাজই আসলে চমক। রোজার মাসের আগে থেকেই ঈদের নাটকে কাজ করছি। আরও বেশকিছু নাটকের শুটিং এখনও বাকি আছে। বয়স হচ্ছে। এখন এত কাজে সময় দেওয়া কিছুটা কষ্টসাধ্য। তবুও মনের তাড়নায় অভিনয় করে যাচ্ছি।

সাম্প্রতিক সময়ে অনেক সিনেমায় আপানকে দেখা যাচ্ছে। আত্মতৃপ্তি মিলছে কতটুকু?

সাম্প্রতিক সময়ে নাটকের অবস্থা খুব যে ভালো যাচ্ছে তা আমি বলব না। তারচেয়ে বরং বর্তমান সময়ে সিনেমা তৈরিতে একটা বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে। ভালো সিনেমার সংখ্যাও বাড়ছে। তাতে করে সিনেমাতে যারা অভিনয় করছেন, তারা কিছুটা স্বস্তি নিয়েই কাজ করছেন। দর্শকও ভালোই সাড়া দিচ্ছেন। সব মিলিয়ে আমিও আগ্রহ নিয়েই কাজ করে যাচ্ছি। তৃপ্তিও আছে। 

প্রচুর সিনেমা হচ্ছে। দেশ-বিদেশ ঘুরছে। এর মধ্যে এফডিসি নানা কারণে বিতর্কে থাকছে। অনেকে বলেন, সিনেমার কারখানাটির অচলাবস্থা কোনোদিন শেষ হওয়ার নয়। আপনি কি মনে করেন?

সময়ের সঙ্গে চলতে না পারলে শুধু এফডিসি কেন, কোনো কিছুই চলবে না। আমাদের মার্কেট অনেক বড়। এখানে অনেক কর্মসংস্থান হওয়ার সুযোগ আছে। কাজেই আলোচনার ভিত্তি কীভাবে সময় উপোযোগী করা যায়, তাই করা উচিত। প্রযোজক কীভাবে টাকা রিটার্ন পায়, সেই ব্যবস্থা করে দিতে হবে। যেমন আমি অভিনয় করতে গেলে ভাবি নতুন যারা দর্শক, তারা কীভাবে আমার কাজ পছন্দ করবেন।

চলচ্চিত্রে দীর্ঘসময় ধরে কাজ করলেও শিল্পী সমিতির সদস্য হননি কেন?

আমি সময় করে উঠতে পারিনি। আমার দিক থেকে কোনো নেতিবাচক বিষয় নেই এ সংগঠনটির প্রতি। এ সমিতি যদি শিল্পীর কল্যাণে কাজ করে, তাহলেই আমি খুশি। প্রতিটি শিল্পীই আমার প্রতিনিধি। ভবিষ্যতে হয়তো এ সমিতির সদস্য হয়েও যাব।

এবার মঞ্চের প্রসঙ্গে আসা যাক। ‘নাট্যকেন্দ্র নতুন কোনো নাটক মঞ্চে আনছে?

আপাতত পরিকল্পনা নেই। ইউসুফ হাসান অর্কের পরিচালনায় ‘পুণ্যাহ’ নাটকটির মঞ্চায়ন চলছে। তবে দলের পক্ষ থেকে নতুন নাটক নিয়ে আমার কথা হচ্ছে। সেটি খুব একটা জোরালো নয়। 

আরও পড়ুন: সালমান শাহ’র জীবনী নিয়ে নির্মিত সিরিয়ালের প্রচার বন্ধে রুল

আপনার সমসাময়িক অনেকেই এখন মঞ্চে ব্যস্ত হচ্ছেন। আপনার পরিকল্পনা কী?

দেখুন, প্রত্যেককেই রুটি-রুজির চিন্তা করতে হয়। শিল্পী হলেই যে আপনার সবকিছু সহজেই সমাধান হয়ে যাবে, বিষয়টা তেমন নয়। মঞ্চ অর্থ আয়ের জায়গা নয়। আমাদের সামগ্রিক ব্যর্থতার কারণে মঞ্চকে এখনও পেশাদারিত্বের পর্যায়ে নিয়ে যেতে পারিনি। তবে মঞ্চে অর্থ নেই বলে কাজ করছি না, এমনটাও একেবারে ঠিক নয়। মঞ্চে শিগগিরই ফিরব। বেশকিছু পরিকল্পনাও আছে।

কিছুদিন আগে দেশের অন্যতম পুরোনো নাট্যদল ‘ঢাকা থিয়েটার’ অনিয়মের অভিযোগ তুলে গ্রুপ থিয়েটার ফেডারেশন থেকে সদস্যপদ প্রত্যাহার করেছে। বিষয়টি কীভাবে দেখছেন?

দেখুন, এ ধরনের ঘটনা অব্যশই দুঃখজনক। ফেডারেশন করাই হয়েছে সবাই একসঙ্গে দেশের মঞ্চ নাটককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেখানে এমন ঘটনা কখনই কাম্য হতে পারে না। আমি বিষয়টি নিয়ে অনেক কিছুই শুনেছি। বিষয়টার মীমাংসা হওয়া জরুরি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা