প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ১৪:২৫ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৩ ১৯:৪৮ পিএম
অভিনয়ের নতুন মুখ তাসনিয়া রহমান। কিছু চলচ্চিত্রে কাজ করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করা হয়েছে তার। নির্মাতা অমিতাভ রেজার ‘মুন্সিগিরি’ সিরিজে ছোট একটি চরিত্রে অভিনয় করে আলোচনায় ছিলেন। এবার সেই নবাগতার বিরুদ্ধে উঠেছে প্রতারণার অভিযোগ। কিছু গণমাধ্যমে এমন তথ্যই দেখা গেল।
বিত্তশালী পুরুষদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে তাদের ফাঁসিয়ে মামলা এবং ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে বিলাসবহুল জীবন যাপন করে যাচ্ছেন তাসনিয়া।
খোঁজ নিতে গিয়ে জানা গেল, তাসনিয়া নানা প্রতারণার অভিযোগে অভিযুক্ত। রহস্যময় তার ফেসবুক প্রোফাইলও।
ফেসবুকে তার নির্দিষ্ট পেশা উল্লেখ না থাকলেও তিনি নিজেকে মডেল ও চিত্রনায়িকা দাবি করেন। উল্লেখযোগ্য কোনো কাজ বা দৃশ্যমান আয় না থাকলেও ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায় তিনি অডি ও মার্সিডিসের মতো বিলাসবহুল গাড়িতে ঘুরে বেড়ান, যা বেশ প্রশ্নের জন্ম দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সেই প্রযোজক আরও বলেন, ‘ও একজন প্রতারক। অনেককেই সে ফাঁসিয়েছে। অনেকটা সাইকোর মতো।’
কিছুদিন আগে দেশের আরেক আলোচিত সমালোচিত মডেল-উপস্থাপিকার সঙ্গে নিজের কথোপকথন ফাঁস করেছিলেন তাসনিয়া। সেখান থেকে জানা যায়, ওই উপস্থাপিকা তার স্বামীর সঙ্গে তাসনিয়ার পরকীয়ার অভিযোগ তুলেছেন। সে নিয়ে দুজনের মধ্যে চলে বাগবিতণ্ডা। সে সময় ওই উপস্থাপিকার সঙ্গে তর্কে জড়ালেও তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেননি তাসনিয়া। ওই উপস্থাপিকাকে বাংলাদেশে এলে দেখে নেওয়ার হুমকিও দেন তিনি সোশ্যাল মিডিয়ায়।
এদিকে ফেসবুক কভারে তাসনিয়া যার সঙ্গে ছবি দিয়ে রেখেছেন, তিনি একজন ব্যবসায়ী এবং এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক। তিনি বিবিহিত এবং দুই সন্তানের জনক। তিনিও তাসনিয়ার জালে ফেঁসেছিলেন। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন এই বিতর্কিত মডেল-অভিনেত্রী। তবে আদালতে দাখিল করা পুলিশের তদন্ত প্রতিবেদনে ব্যবসায়ী নির্দোষ প্রমাণিত হন। মামলায় জিততে না পেরে তাসনিয়া তাকে সামাজিকভাবে হেয় করতেই নিজের সঙ্গে তার ছবি এখনও ফেসবুকের কভারে ব্যবহার করছেন বলে ব্যবসায়ীর ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে। ওই ব্যবসায়ী এ বিষয়ে আইনি সহায়তা নেবেন বলেও জানা গেছে।
এখানেই শেষ নয়। শোবিজে প্রতারণার আরও কিছু অভিযোগ উঠেছে তাসনিয়ার বিরুদ্ধে। কয়েক বছর আগে তাসনিয়ার ভয়ে দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি দেন এক আইটি ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর সঙ্গে লিভ টুগেদার করতেন তাসনিয়া। পরবর্তী সময়ে বিবাহিত ওই ব্যবসায়ীর বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগে মামলা করার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন। নেগোসিয়েশনের নামে কিছুদিন সময়ক্ষেপণ করে ওই ব্যবসায়ী আমেরিকায় পাড়ি দিয়ে বাঁচেন।
সম্প্রতি অভিযোগগুলো নতুন করে আলোচনায় আসে আরও এক ব্যবসায়ীর সঙ্গে প্রেমে জড়িয়ে তার স্ত্রীর কাছে ধরা পড়ার পর। ওই ব্যবসায়ীর স্ত্রী গণমাধ্যমে তাসনিয়ার বিরুদ্ধে নানা তথ্যপ্রমাণ পাঠিয়ে জানান, তার স্বামীর সঙ্গে তাসনিয়া অবৈধ সম্পর্কে জড়িয়েছেন। বিষয়টি জানতে পেরে পারিবারিক চাপে তাকে ছাড়তে রাজি হন ওই ব্যবসায়ী। এতে ক্ষিপ্ত হয়ে তাসনিয়া তার কাছে মোটা অঙ্কে টাকা চান। অন্যথায় মিডিয়ার কাছে ওই ব্যবসায়ীর পরিচয় প্রকাশ করার হুমকি দেন। এ ঘটনায় তাসনিয়ার বিরুদ্ধে মামলা করার ব্যবস্থা নিচ্ছেন ওই ব্যবসায়ীর স্ত্রী।
এদিকে এতসব অভিযোগর বিষয়ে তাসনিয়াও মুখ খুলেছেন গণমাধ্যমে। তিনি বলেন, সব ষড়যন্ত্র। তার ভাষ্য, 'কেউ যদি প্রমাণ দেখাতে পারে কারও কাছ থেকে টাকা নিয়েছি, তাহলে অভিযোগগুলো মাথা পেতে নেব। আমি মুদি দোকানেও বাকি রাখি না, কারণ আল্লাহ না করুক যেকোনো সময় আমি মারা যেতে পারি। আমি শিগগিরই সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানাব।'
এদিকে গতকাল ফেসবুকে লাইভে এসে তাসনিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে কথা বলেন। সেখানে নিজেকে 'খারাপ' দাবি করে নানা রকম আক্ষেপ ও নানাজনের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করেন।