বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২২ ১২:৩২ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২ ১৪:০১ পিএম
আগেই প্রস্তুত ছিল মঞ্চ। জানা ছিল তিনি আসবেন, যার গানে গানে এ দেশের মানুষ দেশকে ভালোবেসেছে, প্রেমিক-প্রেমিকার প্রেমে ভেসেছে। অবশেষে তিনি এলেন। শেষ বিদায়ের আগে শেষ শ্রদ্ধা নেবেন বলে। কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে একদমই কার্পণ্য করেননি তার ভক্ত-অনুরাগীরা।
দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন নানা বয়স, ধর্ম ও পেশার মানুষ। কেউ এসেছেন ফুল হাতে, কেউ খালি হাতেই এসেছেন হৃদয়ভরা ভালোবাসা নিয়ে।
সাধারণের ভিড়ে আজ সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত ছিলেন সংস্কৃতি অঙ্গনের নানা পেশার মানুষ। অনেকে শ্রদ্ধাভরে স্মৃতিচারণ করলেন গাজী মাজহারুল আনোয়ারের।
সাংগঠনিকভাবে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও প্রদর্শক সমিতি, বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ সংগীত, চলচ্চিত্রের অনেক সংগঠন ও বিভিন্ন চ্যানেল।
বাংলা ভাষার জন্য জীবন দেওয়া বীরদের শ্রদ্ধা জানানোর শহীদ মিনারের পাদদেশে আজ রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত হলেন বাংলা গানের সেরা এক গীতিকবি। দৃশ্যটি সত্যিই আবেগপ্রবণ।
গতকাল রোববার সকাল ৭টা ৫৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান কিংবদন্তি গীতিকার, সুরকার, চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার। আজ সোমবার সব আনুষ্ঠানিকতা শেষে সকাল সাড়ে ১০টায় গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ নিয়ে আসা হয় শহীদ মিনারে। এখানে তাকে দেওয়া হয় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার।
সেখানে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের পর এফডিসিতে নিয়ে যাওয়া হবে মরদেহ। দীর্ঘদিনের প্রিয় কর্মস্থলে অনুষ্ঠিত হবে গাজী মাজহারুল আনোয়ারের প্রথম নামাজে জানাজা।
এরপর গুলশানের আজাদ মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা। এরপর বনানী কবরস্থানে মায়ের কবরে দাফন করা হবে এই কিংবদন্তিকে।
প্রসঙ্গত, গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
প্রবা/এলএ /এসআর