প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ১৬:২৫ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৩ ১৬:৩৬ পিএম
সময়টা ভালো যাচ্ছে না শাহরুখপত্নী গৌরী খানের। আইনি বিপাকে পড়লেন এই সুপারস্টারের স্ত্রী। বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে প্রযোজক-ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খানের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, মুম্বাইয়ের জসওয়ান্ত শাহ নামে এক ব্যক্তি এই মামলা রুজু করেছেন।
গতকাল লখনউয়ের সুশান্ত গলফ সিটি পুলিশ স্টেশনে গৌরী খানসহ মোট তিনজনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এই এফআইআর। শাহরুখপত্নী ছাড়াও নাম রয়েছে তুলসিয়ানি গ্রুপ-এর ম্যানেজিং ডিরেক্টর অনিল তুলসিয়ানি ও ডিরেক্টর মহেশ তুলসিয়ানির।
অভিযোগকারীর দাবি, গৌরী যে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেই সংস্থা তার কাছ থেকে ৮৬ লাখ টাকা নিয়েছে। কিন্তু এখনও ফ্ল্যাট দিতে পারেনি। লখনউয়ের সুশান্ত গলফ সিটি এলাকায় তুলসিয়ানি গলফ ভিউয়ে অবস্থিত এই ফ্ল্যাটটি। শুধু তাই নয়, যে ফ্ল্যাটটির বুকিং তিনি করেছেন তা অন্য একজনকে দিয়ে দেওয়া হয়েছে।
পুলিশকে জসওয়ান্ত শাহ জানিয়েছেন, ‘২০১৬ সালে ফ্ল্যাটের চাবি আমাকে দিয়ে দেওয়া হবে বলা হয়েছিল। সেই বলা সময় থেকে কয়েক বছর পেরিয়ে গেলেও আমি ফ্ল্যাটের চাবি হাতে পাইনি। পরে জানতে পারি, আমার যে ফ্ল্যাটটি কেনার কথা সেই চুক্তিপত্র অন্য আরেকজনকে দিয়ে দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে।’
সঙ্গে এই ব্যক্তি আরও জানান, বিজ্ঞাপনে শাহরুখ খানের বউকে দেখে প্রভাবিত হয়েই তিনি এই ফ্ল্যাটটি বুক করেছিলেন। আর তাই নিজের করা এফআইআরে নাম রেখেছেন গৌরী খানের।
বড় বড় তারকার বাড়ির অন্দরসজ্জা করে থাকেন গৌরী। সঙ্গে শাহরুখের সঙ্গে কাজ করেছেন বেশ কিছু বিজ্ঞাপনে। নিজেও কিছু ব্র্যান্ডের অ্যাম্বাসেডর। সঙ্গে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সহপ্রযোজকও তিনিই। শাহরুখের পরের সিনেমা ‘জওয়ান’ আসছে এই প্রযোজনা সংস্থা থেকেই। এদিকে পাঠান তো সুপার-ডুপার হিট। প্রায় ১০০০ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। আশা করা হচ্ছে, জওয়ানের ক্ষেত্রেও এই ট্রেন্ড বজায় থাকবে। বছর শেষে আবার আসার কথা রয়েছে শাহরুখের চলতি বছরের তৃতীয় ছবি ‘ডাঙ্কি’-্এর।