প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২৪ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২৫ পিএম
জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। দীর্ঘদিন ধরেই তিনি অভিনয়ের মুগ্ধতা ছড়িয়ে চলেছেন। অন্যদিকে সময়ের দর্শকপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। বেশ কিছু নাটক দিয়ে নিজেকে ট্রেন্ডিং তারকায় পরিণত করেছেন তিনি।
দুটি ভিন্ন সময়ে শোবিজে পা রাখলেও শামীম-অহনা জুটি হয়ে বাজিমাত করছেন টেলিভিশন-ইউটিউব নাটকে। নিয়মতিই তাদের দেখা মিলছে বিভিন্ন চরিত্রে। বর্তমানে এ জুটি তিনটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন। যার মধ্যে ‘হানিমুন থেকে পালিয়ে’ নামে ৭ পর্বের ঈদের নাটক রয়েছে।
অন্য দুটি প্যাকেজ নাটক। একটির নাম ‘ক্রেজি কাপল’ ও আরেকটি ‘লাভলী বার্ড’। তিনটি নাটকই পরিচালনা করছেন নির্মাতা শহীদুন নবী।
শুটিংয়ের এমন ব্যস্ততা নিয়ে অহনা বলেন, ‘নাটক নিয়ে খুব ব্যস্ত সময় যাচ্ছে। প্রতিদিনই কোনো না কোনো নাটকের শুটিং থাকে। আর অনেক নাটকের শুটিং আবার একদিনের মধ্যে শেষ করতে হয়। এ ছাড়া যেদিন আবার নাটকের শুটিং না থাকে সেদিন বিজ্ঞাপনের কাজ থাকে। এভাবেই সময় চলে যাচ্ছে। আর সামনে ঈদ আসায় ঈদের নাটকের শুটিং ইতোমধ্যে শুরু হয়ে গেছে। তাই বলা যায় সামনে কিছুদিন শুটিংয়ের বেশ চাপ থাকবে।’
এ সময় সিনেমার কোনো কাজ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে সিনেমা আমাকে টানে না। আমার কাছে নাটকের প্ল্যাটফর্মটাই ভালো লাগে। তাই আপাতত সিনেমা নিয়ে ভাবছি না।’
শামীম বলেন, ‘ঈদকে কেন্দ্র করে বেশ কিছু নাটকে কাজ করা হবে। এর মধ্যে শহীদুন নবী ভাইয়ের সঙ্গে তিনটি কাজ করছি। আমার সঙ্গে আছেন অহনা। আশা করি আগের নাটকগুলোর মতো এগুলোও দর্শকের ভালো লাগবে।’
বর্তমানে ইউটিউবে ট্রেন্ডিংয়ের শীর্ষে শামীম-অহনা জুটি। তাদের নাটক মানেই কোটি কোটি ভিউ। দুজনে একসঙ্গে ইতোমধ্যে দুই ডজনের বেশি নাটকে অভিনয় করেছেন। তাদের জনপ্রিয় নাটকগুলোর তালিকায় আছে মালা তুমি কার, আমার ড্রাইভার বউ, শ্বশুরবাড়ি নোয়াখালী, হাজবেন্ডের বিয়ে, ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া ও গুডলাক ইত্যাদি।