বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২২ ১৮:০৪ পিএম
‘গল্প বলার স্বাধীনতা চাই’ শীর্ষক আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। সম্প্রতি ‘হাওয়া’ সিনেমার বিরুদ্ধে মামলা ও ‘শনিবার বিকেল’ সিনেমাকে মুক্তির অনুমতি না দেয়ার প্রতিবাদে সোচ্চার চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা।
‘গল্প বলার স্বাধীনতা চাই’ স্লোগানে সবাই এক হয়েছেন। এবার তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করল বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। আজ সোমবার (২৯ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এই ঘোষণা দিয়েছে।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো: আহকাম উল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সারা দেশের আবৃত্তি সংগঠনগুলোর এই ফেডারেশন মনে করে, শিল্পচর্চা ও সৃষ্টিশীলতার স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার অংশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধান প্রণয়ন করেন, সেই মহান সংবিধান মতপ্রকাশের স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে। শিল্পীরা নান্দনিক সৃজনশীলতায় তাদের মতপ্রকাশই করে থাকেন। আর মানবিকতার মূলসুরটিই তাদের শিল্পকর্মের মধ্য দিয়ে ধ্বনিত হয়।’
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ‘গল্পবলার স্বাধীনতা চাই’ আন্দোলনের দাবিগুলোর দ্রুত বাস্তবায়ন চায়। ‘হাওয়া’ চলচ্চিত্রের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে করা মামলা অবিলম্বে প্রত্যাহার, ‘শনিবার বিকেল’ চলচ্চিত্র কেন সেন্সর ছাড়পত্র পেল না তার সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়াসহ দাবিগুলো ৩১ আগস্টের মধ্যে বাস্তবায়ন করা না হলে দেশজুড়ে বৃহত্তর আন্দোলন
কর্মসূচী শুরু করা হবে বলেও ঘোষণা দিয়েছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ।
প্রবা/এলএ