বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২২ ১৯:৩৮ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২২ ১৯:৫৮ পিএম
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আশীর্বাদ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ২৬ আগস্ট। সম্প্রতি সিনেমাটি নিয়ে বিতর্ক তুঙ্গে। এক সংবাদ সম্মেলনে সরকারি অনুদানে নির্মিত ছবিটির প্রযোজক জেনিফার ফেরদৌস ছবির নায়িকা মাহির নানা সমালোচনা করেন।
এসব সমালোচনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মাহি। তিনিও পাল্টা সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে আনা প্রযোজকের সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।
এবার তিনি সেই প্রযোজকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলেন শিল্পী সমিতিতে। প্রতিদিনের বাংলাদেশের এ প্রতিবেদকের হাতে সেই অভিযোগপত্রটি এসেছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এই অভিযোগ করেন মাহি। অভিযোগপত্রে মাহি লেখেন, “সম্প্রতি ‘আশীর্বাদ’ সিনেমার প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফার আমার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এনে বাজে মন্তব্য করে যাচ্ছেন। যেসব মন্তব্য এরই মধ্যেই ইউটিউবসহ সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে ভাইরাল হয়েছে।
সেই সঙ্গে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করারও হুমকি দিচ্ছে তারা। প্রযোজক জেনিফারের এসব উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ও জিঘাংসামূলক কর্মকাণ্ডে আমি বিব্রত। এতে আমার মানহানি হচ্ছে।
শুধু তাই নয়, তার এসব বক্তব্যে জনমনে শিল্পীদের সম্পর্কে নেতিবাচক মনোভাব পরিলক্ষিত হচ্ছে। এটা সব চলচ্চিত্র শিল্পীর ইমেজকেই ক্ষুণ্ণ করছে। আমাকে হেয় করাসহ জেনিফার ফেরদৌসের এসব বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি।”
এদিকে জানা গেল, আজ এফডিসিতে প্রযোজক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রযোজক জেনিফার ফেরদৌস।
প্রবা/এলএ/এমজে