প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৮ ঘণ্টা আগে
বলিউড অভিনেতা আমির খান দীর্ঘদিনের সঙ্গী গৌরি স্প্র্যাটকে বিয়ে করেছেন। মুম্বাইয়ের পালি হিলে অবস্থিত নিজের বাসভবনে দুই পরিবারের ঘনিষ্ঠ স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে নিবন্ধনের মাধ্যমে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে আয়োজন করা হয় একান্ত ঘরোয়া একটি উদযাপন অনুষ্ঠানের। খবর ভ্যারাইটি ইন্ডিয়া।
অনুষ্ঠানে আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্ত ও দ্বিতীয় স্ত্রী কিরণ রাও উপস্থিত ছিলেন। এ ছাড়া আম্বানি পরিবারের সদস্য, নির্মাতা আশুতোষ গোয়ারিকরসহ চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন ঘনিষ্ঠ অতিথিও অনুষ্ঠানে যোগ দেন। আগে থেকেই আমির জানিয়েছিলেন, জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে পরিবারের সদস্য ও কাছের মানুষদের নিয়েই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান তারা। সেই পরিকল্পনা অনুযায়ী পুরো আয়োজন ছিল ব্যক্তিগত ও সীমিত পরিসরের।
বিয়ের সিদ্ধান্ত নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেন, ‘আমি এখন মানসিকভাবে শান্তিতে আছি। আমরা একে অপরের সঙ্গী। আমার হৃদয়ে অনেক আগেই ওকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করেছি। তাই আমাদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়া পথচলার স্বাভাবিক পরবর্তী ধাপ বলেই মনে হয়েছে।’
গৌরি স্প্র্যাট ওয়েলনেস ও সৌন্দর্য সেবা খাতের সঙ্গে যুক্ত। চলতি বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে গৌরির পরিচয় করিয়ে দেন আমির। তখন তিনি জানান, বহু বছর আগে তাদের পরিচয় হয়েছিল, পরে আবার যোগাযোগ শুরু হলে সম্পর্ক নতুন দিকে এগোয়। গত কয়েক মাসে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। আমির অভিনীত সর্বশেষ সিনেমা ‘সিতারে জমিন পার’-এর প্রিমিয়ারেও তারা একসঙ্গে উপস্থিত ছিলেন।
এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে রীনা দত্ত ও পরে কিরণ রাওয়ের সঙ্গে তার সংসার ছিল। বিচ্ছেদের পরও দুই সাবেক স্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তিনি।