প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
একসময় চলচ্চিত্রের গানে নাজমুন মুনিরা ন্যান্সি ও ইমরান মাহমুদুলের দ্বৈত কণ্ঠ ছিল শ্রোতাদের অন্যতম পছন্দ। তাদের গাওয়া একাধিক গান পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তবে দীর্ঘদিন ধরে নতুন কোনো চলচ্চিত্রের গানে একসঙ্গে শোনা যায়নি এই দুই শিল্পীকে। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও একই গানে কণ্ঠ দিলেন ন্যান্সি ও ইমরান।
কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ চলচ্চিত্রের জন্য ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের একটি রোম্যান্টিক গানে কণ্ঠ দিয়েছেন তারা। গানটির কথা লিখেছেন কবির বকুল, আর সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। জানা গেছে, গত রবিবার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
নতুন গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ন্যান্সি। তিনি বলেন, ‘ইমরানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সব সময়ই দারুণ। গানটির কথা ও সুর এত চমৎকার যে এটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। অনেক দিন পর মনের মতো একটি চলচ্চিত্রের গান গাইলাম।’
ইমরান মাহমুদুলও এই দ্বৈত গান নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘বাংলা গানের অনন্য কণ্ঠ ন্যান্সি। তার সঙ্গে দ্বৈত গান মানেই আমার জন্য বিশেষ কিছু। তাই নতুন গানটি করেও ভীষণ আনন্দিত।’
থ্রিলারধর্মী ‘শিকার’ চলচ্চিত্রের প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। ছবিটির পুরো শুটিং হবে নেপালে। এ সপ্তাহেই শুটিংয়ের জন্য সেখানে যাচ্ছে পুরো টিম। ছবিতে আরও অভিনয় করছেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপুসহ অনেকে।
দীর্ঘ বিরতির পর ন্যান্সি ও ইমরানের কণ্ঠে নতুন এই চলচ্চিত্রের গান প্রকাশের অপেক্ষায় এখন তাদের ভক্ত-শ্রোতারা। রোম্যান্টিক আবহের ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ গানটি ছবির পাশাপাশি সংগীতপ্রেমীদের কাছেও আলাদা আবেদন তৈরি করবে বলেই মনে করছেন দর্শক।