প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
জীবনের খুব চেনা কিছু অনুভূতিÑ অভিমান, দায়িত্ববোধ, ভালোবাসা আর সম্পর্ক টিকিয়ে রাখার লড়াইকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন নাটক ‘তবু মনে রেখো’। জীবনঘনিষ্ঠ গল্প নির্মাণে পরিচিত নির্মাতা মো. রবিউল সিকদারের পরিচালনায় নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন মাতিয়া বাবু শুক।
সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। নাটকে অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌয়ের শাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেত্রী ডলি জহুর। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাশার, শাহেদ আলীসহ আরও অনেকে।
নাটক প্রসঙ্গে জানতে চাইলে ডলি জহুর বলেন, ‘রবির পরিচালনায় এর আগেও একটি নাটকে কাজ করেছি। দীর্ঘদিন পর আবারও তার পরিচালনায় অভিনয় করলাম। তবু মনে রেখোÑ আমাদের জীবন ও সংসারের গল্প। সহশিল্পীদের সঙ্গে কাজ করে ভালো লেগেছে। রবি নাটকটি খুব যত্ন নিয়ে নির্মাণের চেষ্টা করেছে। আশা করি, প্রচারের পর দর্শকদের ভালো লাগবে।’
তাহমিনা সুলতানা মৌ বলেন, ‘এই নাটকে ডলি ভাবি আমার শাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন। গল্পে দেখা যাবে, ছেলের পরিবার থেকে মা-বাবা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমন সময় মা অসুস্থ হয়ে পড়েন। তখন বাবা স্ত্রীর পাশে থেকে সেবাযত্ন করে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করেন। বাবা-মায়ের প্রতি এই দায়িত্ববোধ ও নিঃস্বার্থ ভালোবাসা দেখে আমরা, অর্থাৎ ছেলে-বউ, নিজেদের আলাদা হওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসি। গল্পটি খুব সুন্দর এবং শিক্ষণীয়। নির্মাতা নির্ধারিত সময়ের মধ্যে আন্তরিকতার সঙ্গে কাজটি শেষ করেছেন। আমরা প্রত্যেকেই নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করছি, নাটকটি দর্শকদের ভালো লাগবে। আমার বিশ্বাস, জীবন থেকে নেওয়া এমন গল্পের নাটক আরও বেশি নির্মিত হওয়া উচিত।’
উল্লেখ্য, ‘তবু মনে রেখো’ আজ বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচার হবে।