প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
নাজনীন নীহা
ছোটপর্দার অভিনেত্রী নাজনীন নীহা অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন। এবার তার ফেসবুকের একটি স্ট্যাটাস ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। ‘এনগেজড’ স্ট্যাটাস দেওয়ার পর অনেকেই ধারণা করেন, গোপনে বাগদান সম্পন্ন করেছেন এই অভিনেত্রী। তবে বিষয়টি নিয়ে মুখ খুলে সব জল্পনার অবসান ঘটানোর চেষ্টা করেছেন নীহা।
গত সোমবার নিজের ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করেন তিনি। এরপরই শুভেচ্ছার পাশাপাশি তার হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চান অনেকে। কেউ কেউ আবার বিয়ের প্রস্তুতির কথাও বলতে শুরু করেন।

তবে নাজনীন নীহা স্পষ্ট করে জানান, তিনি কোথাও বাগদানের কথা বলেননি। তার ভাষায়, ‘এনগেজড’ স্ট্যাটাসের অর্থ হলো তিনি এখন আর সিঙ্গেল নন, বরং কারও সঙ্গে সম্পর্কে রয়েছেন। সময় হলে সম্পর্কের মানুষটির পরিচয়ও তিনি নিজেই প্রকাশ করবেন।
তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে স ব সময় সৎ থাকতে পছন্দ করেন। তাই সম্পর্কের বিষয়টি লুকিয়ে না রেখে সামাজিক মাধ্যমেই জানিয়ে দিয়েছেন। তবে এখনই সঙ্গীর পরিচয় প্রকাশ করতে চান না।

এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের ছবি পোস্ট করে বিয়ের গুঞ্জনের জন্ম দিয়েছিলেন নীহা। পরে তিনি জানান, সেটি ছিল একটি নাটকের প্রচারণার অংশ, বাস্তব জীবনের কোনো ঘটনা নয়।

২০২৩ সালে ‘লাভ সেমিস্টার’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় নাজনীন নীহার। এরপর ‘একটা তুমি লাগবে’, ‘মেঘবালিকা’, ‘চুপকথা’, ‘উইশ কার্ড’, ‘মিথ্যা প্রেমের গল্প’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। সবশেষ ঈদে মুক্তি পেয়েছে তার নাটক ‘মায়াপাখি’।