প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২ ঘণ্টা আগে
সঞ্জয় ও নোরা ফাতেহি। ছবি: সংগৃহীত।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী মঞ্চে এবার আলোচনার
কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় এবং
আন্তর্জাতিক তারকা
নোরা ফাতেহি। তিন
দেশে আয়োজিত এবারের বিশ্বকাপে কানাডার উদ্বোধনী অনুষ্ঠানে তাদের যুগল পারফরম্যান্স
ঘিরে তৈরি হয়েছে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা ও উচ্ছ্বাস।
শনিবার টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত কানাডার উদ্বোধনী
ম্যাচের আগে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী হিসেবে
পারফর্ম করেন সঞ্জয়। তার সঙ্গে মঞ্চ মাতান নোরা ফাতেহি ও ফরাসি হিপহপ শিল্পী ভেজেড্রিম। তারা একসঙ্গে পরিবেশন করেন ফিফার অফিসিয়াল
গান ‘সির সির’,
যা ইতোমধ্যে বিশ্বব্যাপী দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছে।
৮ জুন ফিফার ইউটিউব চ্যানেলে প্রকাশের পর মাত্র কয়েক দিনেই
গানটির ভিউ কোটি ছাড়িয়ে যায়। উদ্বোধনী মঞ্চে সেই গানের পরিবেশনাই দর্শকের
উচ্ছ্বাসে ভরিয়ে তোলে পুরো স্টেডিয়াম। অনুষ্ঠানের শুরুতে কানাডার আদিবাসী
জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবেশনা করেন উইলিয়াম প্রিন্স। এরপর
সঞ্জয়-নোরা-ভেজেড্রিমের পারফরম্যান্সে জমে ওঠে মূল পর্ব।
সঞ্জয়ের পারফরম্যান্সে বিশেষ আকর্ষণ ছিল তার পোশাক। তিনি
পরেছিলেন একটি বিশেষভাবে ডিজাইন করা জ্যাকেট, যেখানে ডান হাতের স্লিভে
এম্ব্রয়ডারির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল বাংলাদেশের জাতীয় পতাকা, শাপলা
ফুল এবং রয়েল বেঙ্গল টাইগারের নকশা। পারফরম্যান্স চলাকালীন তিনি বারবার সেই
প্রতীকগুলোর দিকে ইঙ্গিত করে বাংলাদেশের প্রতিনিধিত্ব তুলে ধরেন, যা
সামাজিক মাধ্যমে আলোচনায় ঝর তোলে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে বেড়ে ওঠা সঞ্জয় বর্তমানে
যুক্তরাষ্ট্রভিত্তিক সংগীতজগতে সক্রিয়। বাংলা সংগীতকে ইলেকট্রনিক সাউন্ডের সঙ্গে
মিশিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। অন্যদিকে নোরা
ফাতেহি বলিউডের জনপ্রিয় পারফরমার হলেও বিশ্বকাপ মঞ্চে তার উপস্থিতি ফুটবলের প্রতি
তার গভীর ভালোবাসা ও মরক্কান শিকড়ের আবেগকে আবারও সামনে নিয়ে এসেছে।
এর আগে ২০২২ বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সাফল্যে নোরার
আবেগঘন উপস্থিতি বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিল। এবারও বিশ্বকাপ ২০২৬-এর সাংস্কৃতিক
আয়োজনগুলোতে তার অংশগ্রহণ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।