মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
আফরান নিশো।
সাবলীল অভিনয় দিয়ে দীর্ঘদিন ধরে দর্শকের মন জয় করে আসছেন আফরান নিশো। নাটক ও ওটিটি কনটেন্টে তার স্বতন্ত্র অভিনয়শৈলী, সংলাপ বলার ভঙ্গি এবং চরিত্রে গভীরভাবে ঢুকে যাওয়ার ক্ষমতা তাকে তৈরি করেছে আলাদা এক দর্শকভিত্তি। বিশেষ করে আবেগনির্ভর, বাস্তবধর্মী ও মনস্তাত্ত্বিক চরিত্রে তার উপস্থিতি সবসময়ই আলোচনার জন্ম দিয়েছে। তবে ভালোবাসার রোমান্টিক গল্পেও তার অভিনয় কম প্রশংসিত নয়। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় ২০২৩ সালে নির্মাতা রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে, বড় পর্দায় অভিষেক ঘটে নিশোর।
বড়পর্দায় যাত্রা শুরুর পর খুব অল্প সময়ের মধ্যেই আফরান নিশো নিজেকে একজন সম্ভাবনাময় চলচ্চিত্র অভিনেতা হিসেবে প্রমাণ করতে সক্ষম হন। মাত্র তিন বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ইতোমধ্যে তার তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘সুড়ঙ্গ’-এর পর পরই আসে ‘দাগি’ এবং সর্বশেষ গত রোজার ঈদে মুক্তি পায় ‘দম’। প্রতিটি সিনেমারই পরিচালক ভিন্ন হলেও প্রযোজনার ক্ষেত্রে যুক্ত ছিল প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ এককভাবে প্রযোজনা করে প্রতিষ্ঠানটি, পরে ‘দাগি’ ও ‘দম’ নির্মিত হয় এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্টের ব্যানারে।
এই অল্প সময়েই আফরান নিশোকে সিনেমায় সাধারণত একধরনের নির্দিষ্ট চরিত্রে বেশি দেখা গেছে, জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করা, দুঃখ-কষ্টে জর্জরিত বা প্রতারিত মানুষের ভূমিকায়। এই ধরনের চরিত্রে তার অভিনয় প্রশংসিত হলেও দর্শকের একটি বড় অংশ তাকে আরও ভিন্নধর্মী, শক্তিশালী এবং নায়কোচিত চরিত্রে দেখার প্রত্যাশা প্রকাশ করেছে। সেই প্রত্যাশার প্রতিফলন পাওয়া যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানটির সাম্প্রতিক ঘোষণায়।
সম্প্রতি এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, আফরান নিশোকে নিয়ে নতুন তিনটি সিনেমার কাজ ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। পাশাপাশি আরও একটি প্রকল্প নিয়ে আলোচনা চলছে। তিনি জানান, দর্শক নিশোকে যেভাবে বড়পর্দায় দেখতে চান, নতুন এই সিনেমাগুলোতে তাকে সেই ভিন্ন রূপেই উপস্থাপন করা হবে। ‘দর্শক আফরান নিশোকে নতুনভাবে দেখতে চান এবং আমরা সেই চাওয়াকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা করেছি।’
যদিও নতুন তিনটি সিনেমার নাম বা গল্প এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে এর আগে আলফা আইয়ের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় ‘পুলসিরাত’ নামের একটি সিনেমায় অভিনয় করতে পারেন নিশো। সেখানে তার বিপরীতে মেহজাবীন চৌধুরীকে ভাবা হচ্ছে। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত নয়, তবে প্রযোজকের সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে নতুন সিনেমাগুলোর একটিতে এই জনপ্রিয় জুটিকে বড় পর্দায় দেখা যেতে পারে।
এদিকে শুধু ভিকি জাহেদই নন, নির্মাতা রায়হান রাফী এবং জাহিদ প্রীতমের সঙ্গেও একাধিক নতুন চলচ্চিত্র নিয়ে কাজ করছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। সম্প্রতি সামাজিক মাধ্যমে রায়হান রাফী তার নতুন সিনেমা ‘তাণ্ডব’-এর একটি দৃশ্য শেয়ার করে শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদের ছবি পোস্ট করে নিশোকে নিজের ফিল্ম ইউনিভার্সে স্বাগত জানান। এরপর থেকেই ‘তাণ্ডব ২’-এ নিশোর যুক্ত হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকি নিশোর একটি ফেসবুক স্টোরিও সেই আলোচনাকে আরও জোরালো করে।
নতুন সিনেমাগুলোর মুক্তির সময় এখনও চূড়ান্ত হয়নি। তবে এর আগে এক অনুষ্ঠানে শাহরিয়ার শাকিল জানিয়েছিলেন, চলতি বছরেই নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে আসতে পারেন আফরান নিশো। সব আলোচনার মধ্যে সবচেয়ে বড় চমক হিসেবে এসেছে বহুল প্রতীক্ষিত ‘সুড়ঙ্গ ২’-এর আনুষ্ঠানিক ঘোষণা। দুই বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ দিয়ে বড়পর্দায় অভিষেক হয়েছিল আফরান নিশোর, যা শুধু বক্স অফিসেই সফল হয়নি, বরং জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও স্বীকৃতি পেয়েছে।
নতুন ঘোষণায় জানানো হয়েছে, ‘সুড়ঙ্গ ২’ শুরু হবে প্রথম সিনেমার শেষ হওয়া জায়গা থেকেই, তবে এবার গল্প আরও বিস্তৃত ও গভীর হবে। আধুনিক প্রযুক্তি, বৃহৎ ক্যানভাস এবং আন্তর্জাতিক মানের নির্মাণশৈলীতে সিনেমাটি নির্মিত হবে।
নির্মাতা রায়হান রাফী জানিয়েছেন, এটি শুধুই একটি সিক্যুয়েল নয়, বরং একটি বিস্তৃত সিনেমাটিক ইউনিভার্সের অংশ। আফরান নিশোও জানিয়েছেন, ‘মাসুদ’ চরিত্রটি তার অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় এবং নতুন গল্পে আরও বড় চ্যালেঞ্জ নিয়ে ফিরছেন তিনি।