মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ১১ জুন ২০২৬ ১৩:৩৪ পিএম
বিশ্বকাপ ফুটবল শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি আবেগ, ভালোবাসা আর পরিচয়েরও এক অনন্য উৎসব। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই বাংলাদেশের অলিগলি, চায়ের দোকান, সামাজিক মাধ্যম থেকে শুরু করে পারিবারিক আড্ডাÑ সবখানেই জমে ওঠে প্রিয় দল নিয়ে আলোচনা। কারও হাতে ব্রাজিলের পতাকা, কারও বারান্দায় উড়ছে আর্জেন্টিনার নীল-সাদা রঙ। এই উন্মাদনা থেকে দূরে নন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। অভিনয়, গান কিংবা নির্মাণের ব্যস্ততার মাঝেও তাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে প্রিয় ফুটবল দল। কেউ ব্রাজিলের সাম্বা ফুটবলের প্রেমে মুগ্ধ, কেউ আবার আর্জেন্টিনার নান্দনিক খেলায় খুঁজে পান ভালোবাসার ঠিকানা।

অভিনয় জগতের বরেণ্য ব্যক্তিত্ব আবুল হায়াত দীর্ঘদিন ধরেই ব্রাজিলের সমর্থক। ছোটবেলা থেকে ব্রাজিলের খেলা দেখে বড় হওয়া এই অভিনেতা নিজেকে শুধু ভক্ত নয়, ‘পোকা’ বলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তার মতে, ব্রাজিলের খেলার সৌন্দর্য ও ঐতিহ্য তাকে সব সময় আকৃষ্ট করে।
অন্যদিকে অভিনেতা আজিজুল হাকিমের পছন্দের দল জার্মানি। একসময় নিজেও ফুটবল খেলেছেন। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠে নামার অভিজ্ঞতা তাকে ফুটবলকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করেছে। সেই সূত্রেই জার্মানির ছন্দময় ও শৃঙ্খলাবদ্ধ ফুটবলের প্রতি তার ভালোবাসা তৈরি হয়েছে।
এদিকে অভিনেতা শরিফুল রাজ আর্জেন্টিনার সার্পোট করেন। চলচ্চিত্র অভিনেতা সিয়াম আহমেদের সমর্থন স্পেনের প্রতি। ব্রাজিল-আর্জেন্টিনার জনপ্রিয়তার ভিড়েও নিজের পছন্দের দল থেকে কখনও সরে আসেননি তিনি। স্পেনের কৌশলনির্ভর ও নান্দনিক ফুটবল তাকে বরাবরই মুগ্ধ করে।
নারী তারকাদের মধ্যে রাফিয়াত রশীদ মিথিলা আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক। ম্যারাডোনার দেশ বলেই নয়, দলটির দীর্ঘদিনের ফুটবল ঐতিহ্য এবং লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্য তাকে বারবার টানে। একই দলের সমর্থক অভিনেত্রী তানজিকা আমিনও। তার কাছে ফুটবল মানেই আবেগ, আর সেই আবেগের নাম আর্জেন্টিনা।

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর হৃদয় জুড়েও আছে আর্জেন্টিনা। ছোটবেলা থেকে এই দলের প্রতি তার ভালোবাসা আজও অটুট। মজার বিষয় হলো, বাবার এই ভালোবাসা ছড়িয়ে পড়েছে তার ছেলে শুদ্ধর মধ্যেও। ফলে তাদের পরিবারে বিশ্বকাপ মানেই আর্জেন্টিনাকে ঘিরে বাড়তি উচ্ছ্বাস।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব আবার ব্রাজিলের সমর্থক। তার মতে, ব্রাজিলের খেলায় এমন এক ছন্দ রয়েছে যা অন্য যেকোনো দল থেকে আলাদা। বিশ্বকাপের সময় তাই হলুদ জার্সি গায়ে প্রিয় দলের জয় দেখার অপেক্ষায় থাকেন তিনি।
সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরও ব্রাজিলের সমর্থক। অন্যদিকে অভিনেত্রী ও মডেল মোনালিসা সমর্থন করেন আর্জেন্টিনাকে। বিশ্বকাপ এলেই সামাজিক মাধ্যমে নিজের দলের প্রতি ভালোবাসার কথা জানাতে ভোলেন না তিনি।
চলচ্চিত্র অভিনেতা ইমন আর্জেন্টিনার সমর্থক। একইভাবে ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা জাহিদ হাসানও আর্জেন্টিনাকে ভালোবাসেন। ফুটবল খেলার প্রতি তার আগ্রহ অনেক পুরনো, আর বিশ্বকাপের ম্যাচগুলো তিনি নিয়মিত অনুসরণ করেন।
চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিমের পছন্দের দল ব্রাজিল। ফুটবল সম্রাট পেলের দেশের প্রতি তার আলাদা টান রয়েছে। ছোটবেলা থেকেই ব্রাজিলের খেলা দেখে বড় হওয়া এই অভিনেত্রী এবারও প্রিয় দলের ভালো কিছুর প্রত্যাশা করছেন।
আর্জেন্টিনার সমর্থকদের তালিকায় রয়েছেন আলোচিত অভিনেত্রী পরীমনিও। যদিও তিনি ব্রাজিলিয়ান তারকা নেইমারের খেলারও ভক্ত। তার মতে, ফুটবল উপভোগের বিষয়; অযথা দল নিয়ে বিভাজন বা তর্কের প্রয়োজন নেই।

ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী দুজনেই ব্রাজিলের সমর্থক। বিশ্বকাপ বা কোপা আমেরিকার সময় প্রায়ই ব্রাজিলের জার্সি পরে ছবি শেয়ার করতে দেখা যায় তাদের। অন্যদিকে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সংসারে ফুটবল বিভাজন রয়েছে। ফারুকী সমর্থন করেন ব্রাজিলকে, আর তিশা আর্জেন্টিনার নিবেদিতপ্রাণ ভক্ত।
চিত্রনায়িকা অপু বিশ্বাসও ব্রাজিলের সমর্থক। শুধু নিজেই নন, ছেলে আব্রাম খান জয়কেও ছোটবেলা থেকেই ব্রাজিলের জার্সি পরিয়ে দলের সমর্থক বানিয়েছেন তিনি। অন্যদিকে মাহিয়া মাহি, পূজা চেরি, নিরব, জায়েদ খান, ফারুক আহমেদ ও ইলিয়াস কাঞ্চন আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত।
ব্রাজিল শিবিরে আরও আছেন মিশা সওদাগর, সায়মন সাদিক ও সংগীতশিল্পী আঁখি আলমগীর। নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে কর্ণিয়া ও ঝিলিক সমর্থন করেন আর্জেন্টিনাকে।
বিশ্বকাপ এলেই বাংলাদেশের শোবিজ অঙ্গন যেন দুই ভাগে বিভক্ত হয়ে যায়Ñ ব্রাজিল আর আর্জেন্টিনা। তবে দল আলাদা হলেও আবেগের জায়গাটি এক। প্রিয় দলের জয়ে উল্লাস, পরাজয়ে হতাশা আর ফুটবলের প্রতি নিখাদ ভালোবাসাই শেষ পর্যন্ত সবাইকে এক সুতোয় বেঁধে রাখে। তাই বিশ্বকাপের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মাঠের লড়াইয়ের পাশাপাশি শুরু হবে তারকাদের হৃদয়ের লড়াইওÑ কে হাসবে শেষ হাসি, ব্রাজিল নাকি আর্জেন্টিনা?