প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৬ ১২:১৫ পিএম
অভিনেত্রী সাবিলা নূর। ছবি: ফেসবুক থেকে।
ছোটপর্দা পেরিয়ে বড়পর্দায়ও নিজের জায়গা আরও শক্ত করছেন অভিনেত্রী সাবিলা নূর। একের পর এক ভিন্নধর্মী চরিত্রে দর্শকের সামনে হাজির হয়ে নিজের অভিনয় ভুবনকে নতুনভাবে তুলে ধরছেন তিনি। এবার কোরবানির ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে তাকে।
সিনেমাটি মুক্তির দিন নির্মাতা আজমান রুশোর সঙ্গে দর্শকদের নিয়ে প্রেক্ষাগৃহে ছবিটি উপভোগ করেন সাবিলা নূর। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সব সময় নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেন তিনি। সাবিলার ভাষায়, আমি সব সময় নতুন কিছু করতে চাই। দর্শক যেন আমাকে এক ধরনের চরিত্রে আটকে না রাখে, সেটাই আমার চাওয়া। ‘তাণ্ডব’-এর পর ‘বনলতা এক্সপ্রেস’ করেছি, যেটা ছিল পুরোপুরি আলাদা। ‘রকস্টার’-এও চেয়েছি দর্শক আমাকে নতুনভাবে দেখুক।
সিনেমাটিতে ‘মিরা’ চরিত্রে অভিনয় করেছেন সাবিলা। চরিত্রটির প্রস্তুতি নিয়ে তিনি জানান, খুব বেশি সময় হাতে ছিল না। মাত্র দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই প্রস্তুতি শেষ করে শুটিংয়ে অংশ নিতে হয়েছে তাকে।
ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। তিনি খুবই ডেডিকেটেড ও ডিসিপ্লিনড। সহশিল্পী হিসেবে ভীষণ সহযোগিতাপরায়ণ।’
ট্রেলার প্রকাশের পর অনেকেই সিনেমাটির সঙ্গে বলিউডের রণবীর কাপুর অভিনীত ‘রকস্টার’-এর তুলনা করেছিলেন। এ বিষয়ে সাবিলা বলেন, নাম এক হলেও গল্পে কোনো মিল নেই। এটি একজন শিল্পীর জীবন, সংগীতযাত্রা আর তার পথের নানা বাস্তবতার গল্প।
ঈদের ব্যস্ততার মধ্যেও দর্শকদের সিনেমা হলে গিয়ে ‘রকস্টার’ দেখার আহ্বান জানিয়েছেন সাবিলা নূর।