× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিস ইউনিভারসে থাকছে না ফ্রান্স

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জুন ২০২৬ ১২:০৭ পিএম

মিস ইউনিভারসে থাকছে না ফ্রান্স

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স-২০২৬’-এ অংশ নেবে না ফ্রান্স। প্রতিযোগিতার সাম্প্রতিক কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এমন সিদ্ধান্ত নিয়েছে মিস ফ্রান্স কর্তৃপক্ষ। ১৯৫২ সাল থেকে নিয়মিত অংশ নেওয়ার পর এবারই প্রথমবারের মতো মিস ইউনিভার্সের মঞ্চ থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে দেশটি।

গত বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে মিস ফ্রান্স। সেখানে বলা হয়, ‘২০২৬ সালের মিস ইউনিভার্সে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মিস ফ্রান্স কোম্পানি। আমাদের পরিচয়, মূল্যবোধ ও অঙ্গীকারের প্রতি বিশ্বস্ত থাকার জায়গা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সংগঠনটির দাবি, সাম্প্রতিক বছরগুলোতে মিস ইউনিভার্সের কার্যক্রম ও দিকনির্দেশনা তাদের নীতিমালার সঙ্গে আর আগের মতো সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে ২০২৫ সালের আয়োজনে বেশকিছু ব্যবস্থাপনাগত অসংগতি ও ত্রুটি দেখা গেছে বলেও অভিযোগ করেছে তারা।

তবে সিদ্ধান্তটিকে স্থায়ী বলে মনে করছে না মিস ফ্রান্স। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হলে আবারও প্রতিযোগিতায় ফেরার সুযোগ খোলা থাকবে।

মিস ফ্রান্সের সভাপতি ফ্রেদেরিক জিলবেয়ার বলেন, ‘মিস ইউনিভার্স সব সময়ই আন্তর্জাতিক অঙ্গনে ফ্রান্সকে তুলে ধরার গুরুত্বপূর্ণ একটি মঞ্চ। কিন্তু একই সঙ্গে আমাদের দায়িত্ব মিস ফ্রান্স প্রতিযোগিতার নিজস্ব মূল্যবোধ ও স্বাতন্ত্র্য বজায় রাখা। সেই বিবেচনা থেকেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও জানান, ভবিষ্যতে মিস ইউনিভার্সের কার্যক্রম কোন দিকে এগোয়, সে বিষয়ে নজর রাখবে ফ্রান্স।

ফ্রান্সের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই আয়োজন সাম্প্রতিক সময়ে বিভিন্ন নীতিগত পরিবর্তন ও কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে সমালোচনার মুখে ছিল। এমন সময়ে দীর্ঘদিনের অন্যতম অংশগ্রহণকারী একটি দেশের সরে দাঁড়ানোকে বড় ধাক্কা হিসেবেই দেখছেন অনেক পর্যবেক্ষক।

এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা