প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৬ ১৩:৪৫ পিএম
আপডেট : ২৬ মে ২০২৬ ১৩:৪৭ পিএম
এফডব্লিউআইসিইর কাছে গত ১১ এপ্রিল লিখিত অভিযোগ দাখিল করেন নির্মাতা ফারহান আখতার। ছবি: ইন্ডুগ্লু এক্সপ্রেস
বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ডন-থ্রি ঘিরে বিতর্ক নতুন মোড় নিয়েছে। অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ‘নন-কোঅপারেশন’, এক অর্থে নিষেধাজ্ঞা জারি করেছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্প্লোয়েস (এফডব্লিউআইসিই)।
এক সংবাদ সম্মেলনে সোমবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন সংগঠনের কর্মকর্তারা।
এফডব্লিউআইসিইর প্রধান উপদেষ্টা ও ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত জানান, গত ১১ এপ্রিল নির্মাতা ফারহান আখতার সংগঠনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগে বলা হয়, শুটিং ইউনিট বিদেশে রওনা হওয়ার মাত্র তিন সপ্তাহ আগে হঠাৎ করেই ডন-থ্রি থেকে সরে দাঁড়ান রণবীর সিং। এতে ছবির কাজ মারাত্মকভাবে ব্যাহত হয় এবং বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
অভিযোগ পাওয়ার পর এফডব্লিউআইসিইর নিয়ম অনুযায়ী উভয় পক্ষকে নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেয়। সরাসরি বৈঠকে উপস্থিত ছিলেন প্রযোজক রিতেশ সিধওয়ানী। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন ফারহান আখতার। প্রায় দুই ঘণ্টার বৈঠকে তারা পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরেন বলে জানিয়েছেন অশোক পণ্ডিত।
তিনি আরও বলেন, “ন্যায্যতার স্বার্থে রণবীর সিংকেও একাধিকবার ডাকা হয়েছিল। এফডব্লিউআইসিই প্রতি ১০ থেকে ১৫ দিন অন্তর অভিনেতাকে নোটিশ পাঠায় এবং মোট তিনটি আনুষ্ঠানিক নোটিশ ইস্যু করা হয়। কিন্তু অভিনেতার পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।
তবে সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়ার পর রানভীরের টিম ই-মেইলে জানায়, এই বিষয়ে হস্তক্ষেপ করার এখতিয়ার এফডব্লিউআইসিইর নেই। এরপর সংগঠনটি অভ্যন্তরীণ আলোচনা শেষে অভিনেতার সাথে কাজ না করার সিদ্ধান্ত নেয়।
এফডব্লিউআইসিই সভাপতি বিএন তিওয়ারি বলেন, “এটি শুধু একজন অভিনেতা ও প্রযোজকের বিরোধ নয়, একটি চলচ্চিত্রের সঙ্গে হাজারো কলাকুশলী ও দৈনিক মজুরিভিত্তিক কর্মীর জীবিকা জড়িত। কোনো ছবি মাঝপথে বন্ধ হয়ে গেলে তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন”।
তিনি আরও বলেন, “কেউ সুপারস্টার হলেই নিয়মের ঊর্ধ্বে চলে যেতে পারেন না। পুরো ইন্ডাস্ট্রিকে একটি শক্ত বার্তা দেওয়া প্রয়োজন”।
এফডব্লিউআইসিই ঘোষণা দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সদস্যরা রণবীরের সঙ্গে কাজ করবেন না।
এদিকে, ফারহান আখতারের মূল উদ্বেগ আর্থিক ক্ষতি ঘিরে। সূত্রের দাবি, ডন-থ্রি সিনেমায় ইতোমধ্যে প্রায় ৪৫ কোটি রুপি বিনিয়োগ করা হয়েছে, যার পুরো হিসাব নিরীক্ষিত ও নথিভুক্ত। প্রযোজক পক্ষ চাইলে আরও তদন্তের সুযোগ দিতেও প্রস্তুত বলে জানা গেছে।
এফডব্লিউআইসিইর সিদ্ধান্তের পর বিষয়টি নিয়ে মুখ খুলেছে রণবীর সিংয়ের টিম। অভিনেতার অফিসিয়াল মুখপাত্র এক বিবৃতিতে জানান, রণবীর সবসময় চলচ্চিত্র অঙ্গন এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি গভীর সম্মান পোষণ করেন।
বিবৃতিতে বলা হয়, “রণবীর সিং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সচেতনভাবেই নীরব থেকেছেন। তিনি বিশ্বাস করেন, পেশাগত আলোচনা এবং ব্যক্তিগত সম্পর্ক মর্যাদা, পরিপক্বতা ও পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে পরিচালনা করা উচিত”।
এছাড়াও মুখপাত্র বলেন, “নানা ধরনের গুঞ্জন ও জল্পনা সামনে এলেও রণবীর কখনও প্রকাশ্যে সেগুলোর জবাব দেওয়ার প্রয়োজন মনে করেননি। তিনি সবসময় নিজের কাজ এবং ভবিষ্যৎ প্রতিশ্রুতির দিকেই মনোযোগী”।
বিবৃতির শেষাংশে আরও বলা হয়, “ডন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িত প্রত্যেকের প্রতি তার সম্মান ও শুভকামনা রয়েছে। ভবিষ্যতেও তিনি একই ধরনের সংযত ও সৌজন্যমূলক অবস্থান বজায় রাখবেন”।