অভিনেতা ইয়াশ রোহান এবং অভিনেত্রী নাজনিন নাহার নীহা। ছবি: সংগৃহীত।
ভালোবাসা কখনও শেষ হয় না, শেষ হয়ে যায় শুধু মানুষ আর সম্পর্কের গল্প। এমনই আবেগঘন এক গল্প নিয়ে আসছে নতুন নাটক ‘নিয়তি’। আসন্ন ঈদ উপলক্ষে সিএমভির পর্দায় মুক্তি পেতে যাচ্ছে নাটকটি। ভালোবাসা, বিচ্ছেদ, অপেক্ষা আর না-পাওয়ার অনুভূতিকে কেন্দ্র করে নির্মিত এই নাটক নিয়ে এরই মধ্যে দর্শকের মাঝে তৈরি হয়েছে কৌতূহল।
আরও পড়ুন: ঈদে ওটিটি-ইউটিউবে যা থাকছে |
নাটকের প্রচারণায় ব্যবহৃত একটি সংলাপই যেন গল্পের গভীরতা বুঝিয়ে দেয়Ñ ‘কিছু ভালোবাসা থেকে যায়, শুধু মানুষগুলো হারিয়ে যায়। কিছু প্রেম শেষ হয় না, মানুষ শেষ হয়ে যায়।’ আবেগময় এই বার্তাই ইঙ্গিত দিচ্ছে হৃদয়ছোঁয়া এক প্রেমের গল্পের।
‘নিয়তি’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান এবং অভিনেত্রী নাজনিন নাহার নীহা। তাদের রসায়ন ও অভিনয় দর্শকের নতুন এক অনুভূতির জগতে নিয়ে যাবে বলেই মনে করছেন নির্মাতারা।
ঈদের বিশেষ আয়োজনে নির্মিত নাটকটি প্রেম ও বাস্তবতার দ্বন্দ্বকে তুলে ধরবে ভিন্ন আঙ্গিকে। যেখানে ভালোবাসা থাকবে, থাকবে হারিয়ে যাওয়ার বেদনা, আবার স্মৃতির ভেতর বেঁচে থাকার গল্পও। তরুণ দর্শকের পাশাপাশি সব বয়সী দর্শকের মন ছুঁয়ে যাবে ‘নিয়তি’Ñ এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
শিগগিরই সিএমভির অফিসিয়াল প্লাটফর্মে প্রকাশ পাবে নাটকটি। ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে নাটকটি নিয়ে শুরু হয়েছে আলোচনা ও আগ্রহ।