× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে ওটিটি-ইউটিউবে যা থাকছে

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ২৫ মে ২০২৬ ১১:১৭ এএম

আপডেট : ২৫ মে ২০২৬ ১১:২৫ এএম

ঈদে ওটিটি-ইউটিউবে যা থাকছে

ঈদুল আজহা মানেই পরিবার-স্বজনের সঙ্গে আনন্দ আর বিনোদনের বিশেষ আয়োজন। সময়ের সঙ্গে সেই বিনোদনের ধরনেও এসেছে পরিবর্তন। টেলিভিশনের পাশাপাশি এখন দর্শকদের বড় একটি অংশের ভরসা ওটিটি প্লাটফর্ম ও ইউটিউব। তাই এবারের ঈদেও নতুন সিনেমা, ওয়েব সিরিজ ও বিশেষ নাটক নিয়ে জমজমাট আয়োজন নিয়ে সাজিয়েছে দেশের জনপ্রিয় ডিজিটাল প্লাটফর্মগুলো।

চরকি

ঈদ উপলক্ষে চরকি নিয়ে এসেছে আলোচিত সিনেমা ‘দম’। রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল সিনেমাটি। এবার কোরবানির ঈদে সেটি ঘরে বসেই দেখার সুযোগ পাচ্ছেন দর্শক। আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশির বাস্তব অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত গল্পে নির্মিত ‘দম’-এ অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরি।

আইস্ক্রিন

ঈদ উপলক্ষে আইস্ক্রিনে আসছে নতুন ওয়েব ফিল্ম ‘সারার সংসার’। আকা রেজা গালিব পরিচালিত সিনেমাটি নির্মিত হয়েছে কাজী আনোয়ার হোসেনের উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে। নাম ভূমিকায় অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। আগামীকাল মঙ্গলবার আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।

দীপ্ত প্লেতে মাইক্রোড্রামা

দীপ্ত প্লেতে আসছে বাংলায় ডাবিং করা মাইক্রোড্রামা ‘গোপন সম্রাট’। অ্যাকশন, রহস্য, আবেগ আর প্রতিশোধের গল্পে নির্মিত হয়েছে। এই মাইক্রোড্রামায় দেখা যাবেÑ পরিবার হারানোর বেদনা বুকে নিয়ে বড় হয়ে ওঠা ইয়ে চেন দীর্ঘ ২০ বছর পর প্রতিশোধের দ্বারপ্রান্তে গিয়ে জানতে পারে এক চমকে দেওয়া সত্য।

হইচই 

রোজার ঈদের আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এবার মুক্তি পাচ্ছে হইচেইয়ে। গতকাল রবিবার থেকে প্লাটফর্মটিতে সিনেমাটি দেখতে পাচ্ছেন দর্শকরা। তানিম নূর পরিচালিত সিনেমাটি নির্মিত হয়েছে হ‍ুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, শরিফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধনসহ অনেকে।

বঙ্গ 

এবারের ঈদে নতুন ওয়েব সিনেমা ‘তাজমহল’ নিয়ে হাজির হচ্ছে বঙ্গ। সীমান্তের দুই প্রান্তের এক প্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন ফাইজুল ইয়ামিন ও কলকাতার সৃজা দত্ত। দীর্ঘ ১১ বছর পর নির্মাণে ফিরেছেন ওয়াহিদ আনাম।

উৎসব 

এদিকে গত ২২ মে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে নতুন ওটিটি প্লাটফর্ম ‘উৎসব’। উদ্বোধনের দিনই দর্শকদের জন্য মুক্তি পেয়েছে দুটি নতুন কনটেন্ট ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’। শুরুতেই দুই ভিন্ন স্বাদের সিনেমা দিয়ে দর্শকদের নজর কেড়ে যাত্রা শুরু করেছে ওটিটি প্লাটফর্মটি।

ক্যাপিটাল ড্রামার বিশেষ আয়োজন

ঈদে বিশেষ তিনটি নাটক নিয়ে হাজির হচ্ছে রেডিও ক্যাপিটাল অফিসিয়াল। এর মধ্যে রয়েছে তানিম রহমান অংশু পরিচালিত ‘অচেনা আমি’, জাকারিয়া সৌখিনের ‘কাজল চোখের মেয়ে’ এবং রুবেল হাসান পরিচালিত ‘তোর মায়ায়’। অভিনয়ে থাকছেন অপূর্ব, ফারহান আহমেদ জোভান, তটিনী ও নাজনীন নীহা।

জি-সিরিজের ২১ নাটক

প্রতি ঈদের মতো এবারও বড় আয়োজন নিয়ে আসছে জি-সিরিজ মিউজিক। তাদের চ্যানেলে আসছে ২১টি নতুন নাটক। এসব নাটকের নির্মাণে রয়েছেন বাহাদুর কাজী, মেহেদী রনি, আদিফ হাসান, শিমুল শর্মা, বি ইউ শুভ, রুবেল আনুশ, পথিক সাধন, জুবায়ের ইবনে বকরসহ অনেক নির্মাতা। আর অভিনয়ে পাওয়া যাবে একাধিক প্রজন্মের জনপ্রিয় শিল্পীদের; যেমনÑ মোশাররফ করিম, নিলয় আলমগীর, মুশফিক আর ফারহান, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, আরশ খান, সামিরা খান মাহি, সাফা কবির, কেয়া পায়েল, নীলাঞ্জনা নীলা, সাদিয়া আয়মান, হিমি প্রমুখ।

সিএমভির ১৩ নাটক

সিএমভি মিউজিক এবার ঈদে নিয়ে আসছে ১৩টি নাটক। নির্মাণে রয়েছেন জাকারিয়া সৌখিন, রাফাত মজুমদার রিংকু ও ইমরোজ শাওন। অভিনয়ে থাকছেন তৌসিফ মাহবুব, তানজিন তিশা, তটিনী ও সাফা কবিরসহ আরও অনেকে।

সিডি চয়েস 

ঈদুল আজহা উপলক্ষে নাটকের বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে সিডি চয়েস। একসময় দেশের অডিও গানের জনপ্রিয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সিডি চয়েস এখন নাটক নির্মাণেই বেশি ব্যস্ত। এবারের ঈদে তাদের ব্যানারে আসছে প্রায় এক ডজন নাটক। দর্শকের পছন্দকে গুরুত্ব দিয়ে কমেডি, রোমান্টিক ও পারিবারিক গল্পে সাজানো হয়েছে এবারের আয়োজন।

সিনেমাওয়ালা

ঈদুল আজহা উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে আসছে সিনেমাওয়ালা। এবার প্লাটফর্মটিতে মুক্তি পাচ্ছে তিনটি একক নাটক ও একটি সাত পর্বের বিশেষ সিরিজ। এর মধ্যে রয়েছে গত বছরের বহুল আলোচিত ‘তোমাদের গল্প’ নাটকের দ্বিতীয় কিস্তি। যেখানে জোভান, তটিনী, ইন্তেখাব দিনার প্রমুখ অভিনয় করেছেন। পাশাপাশি ‘দ্য অভিযান’ ও ‘নোটবুক’ নামের আরও দুটি নাটক থাকছে ভিন্ন স্বাদের গল্প নিয়ে। দর্শকপ্রিয় ধারাবাহিক ‘দেনা পাওনা’-এর বিশেষ অধ্যায় হিসেবে তৈরি সিরিজটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, অ্যালেন শুভ্র, ছোঁয়াসহ আরও অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা