প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ মে ২০২৬ ১৯:১৬ পিএম
৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামলো এক ঝাঁক আলোচিত পুরস্কার আর চমক নিয়ে। এবারের আসরে সর্বোচ্চ সম্মান ‘পাম দ’অর’ জিতে ইতিহাস গড়েছেন রোমানিয়ান নির্মাতা ক্রিস্টিয়ান মুঙ্গিউ। তাঁর চলচ্চিত্র ‘ফিয়র্ড’ এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করে। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো কান-এর শীর্ষ পুরস্কার নিজের ঝুলিতে নিলেন তিনি। এর আগে ২০০৭ সালে তাঁর ‘ফোর মান্থস, থ্রি উইকস অ্যান্ড টু ডেজ’ একই সম্মান অর্জন করেছিল।
এবারের উৎসবের জুরি বোর্ডের নেতৃত্ব দেন দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা নির্মাতা পার্ক চান-উক। বাংলাদেশ সময় অনুযায়ী শনিবার দিবাগত রাতে সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
এবারের আসরে গ্রাঁ প্রি পুরস্কার গেছে রুশ নির্মাতা আন্দ্রেই জ্ভিয়াগিনৎসেভ পরিচালিত ‘মিনোটর’-এর হাতে। পুরস্কার গ্রহণের সময় তিনি রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে বিশ্বে শান্তির আহ্বান জানান।
অভিনয় বিভাগেও ছিল বিশেষ চমক। সেরা অভিনেতার পুরস্কার যৌথভাবে পেয়েছেন ইমানুয়েল মাকিয়া ও ভ্যালাঁতাঁ ক্যাম্পান, ‘কাওয়ার্ড’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য। একইভাবে সেরা অভিনেত্রীর সম্মান ভাগ করে নিয়েছেন ভার্জিনি এফিরা এবং তাও ওকামোতো, জাপানি নির্মাতা রিউসুকে হামাগুচি পরিচালিত ‘অল অব আ সাডেন’ সিনেমায় তাদের পারফরম্যান্সের জন্য।
এবার সেরা পরিচালকের পুরস্কারও যৌথভাবে প্রদান করা হয়। এই সম্মান পেয়েছেন স্প্যানিশ নির্মাতা জুটি জাভিয়ের কালভো ও জাভিয়ের আমব্রোসি, ‘দ্য ব্ল্যাক বল’ চলচ্চিত্রের জন্য এবং পোলিশ নির্মাতা পাওয়েল পাভলিকোভস্কি, ‘ফাদারল্যান্ড’ সিনেমার জন্য।
চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতেছেন ইমানুয়েল মার, তাঁর ‘আ ম্যান অব হিজ টাইম’ চলচ্চিত্রের জন্য। জুরি পুরস্কার গেছে জার্মান নির্মাতা ভালেস্কা গ্রিজেবাখ পরিচালিত ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’-এর ঝুলিতে।
নতুন নির্মাতাদের জন্য দেওয়া বিশেষ সম্মান ‘ক্যামেরা দ’অর’ জিতে নিয়েছেন রুয়ান্ডার নির্মাতা মারি-ক্লেমঁতিন দ্যুসাবেজাম্বো, তাঁর চলচ্চিত্র ‘বেনিমানা’-এর জন্য।
এছাড়া কিংবদন্তি শিল্পী বারব্রা স্ট্রাইস্যান্ডকে প্রদান করা হয়েছে সম্মানসূচক পাম দ’অর। অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও ভিডিও বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেন।
৭৯তম কান চলচ্চিত্র উৎসব শেষ হলো বৈচিত্র্যময় সিনেমা, আন্তর্জাতিক স্বীকৃতি এবং শক্তিশালী গল্প বলার নতুন উদাহরণ রেখে।