× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নীরব ফ্রেমে ‘বনলতা সেন’

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ২০ মে ২০২৬ ১৮:২০ পিএম

নীরব ফ্রেমে ‘বনলতা সেন’

বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে প্রথম দিকের এক বিস্ময়কর সৃষ্টি হিসেবে ধরা হয় ‘রাউন্ডহে গার্ডেন সিনস’-কে। ১৮৮৮ সালে নির্মিত এই স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রটি আজও সিনেমাপ্রেমীদের কাছে এক ঐতিহাসিক নিদর্শন। মাত্র ২.১১ সেকেন্ডের এই ফিল্মে দেখা যায় কয়েকজন মানুষকে একটি বাগানে হাঁটতেÑ যেখানে গল্প নেই, সংলাপ নেই, নেই আধুনিক সিনেমার কোনো প্রযুক্তিগত জটিলতা; তবুও এটি চলমান ছবির সূচনালগ্নকে প্রতিনিধিত্ব করে।

ঠিক এই ঐতিহাসিক সিনেমার স্মৃতিকে যেন এক নান্দনিক শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে নতুন আলোচিত চলচ্চিত্র ‘বনলতা সেন’। গতকাল সন্ধায় প্রকাশিত সিনেমাটির টিজারে দেখা গেছে একেবারে মিনিমালিস্টিক একটি দৃশ্যÑ কিন্তু সেই দৃশ্যই হয়ে উঠেছে গভীর অর্থবহ এবং প্রতীকী।

সিনেমাটির ওই একমাত্র দৃশ্যে দেখা যায়, পর্দার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে যাচ্ছেন জীবনানন্দ দাশ, নিঃসঙ্গ নক্ষত্রের মতো বসে আছেন বনলতা সেন, আর চারপাশে ছড়িয়ে থাকা অসংখ্য পাণ্ডুলিপির ভীড়ে মহিন যেন কিছু খুঁজে বেড়াচ্ছেন। পুরো দৃশ্যটি একটি শান্ত, ধীর এবং কবিতার মতো আবহ তৈরি করে, যেখানে কথার চেয়ে বেশি কথা বলে নীরবতা।

এই টিজারটি দর্শকদের মনে একধরনের পুরনো চলচ্চিত্রের অনুভূতি ফিরিয়ে আনেÑ যেখানে গল্প বলা হতো একটিমাত্র ফ্রেম, একটিমাত্র মুহূর্তের মধ্য দিয়েই। সেই দিক থেকে অনেকেই মনে করছেন, এটি যেন এক ধরনের ভিজ্যুয়াল হোমাজ, যা সরাসরি স্মরণ করিয়ে দেয় ‘রাউন্ডহে গার্ডেন সিনস’-এর সেই ঐতিহাসিক মোশন ইমেজ ধারণার সূচনা পর্বকে।

সিনেমাটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। তিনি একই সঙ্গে ছবিটির স্টোরি, স্ক্রিনপ্লে, ডায়ালগ, এডিটিং ও পরিচালনার দায়িত্বে রয়েছেন। কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যচেতনা ও নস্টালজিয়াকে ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটি দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে।

সিনেমার কাস্ট তালিকায় রয়েছে একঝাঁক পরিচিত মুখ। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা ও খায়রুল বাসার। এ ছাড়া অভিনয় করেছেনÑ শোহেল মণ্ডল, মায়মুনা মম, রূপন্তী আকিদ, নাজিবা বাশার, শরীফ সিরাজসহ আরও অনেকে।

সিনেমাটির ডিওপি হিসেবে কাজ করেছেন রিদয় সরকার, যিনি দৃশ্যের প্রতিটি ফ্রেমে কবিতার মতো আলো-ছায়ার ব্যবহার করেছেন বলে প্রাথমিক প্রতিক্রিয়ায় জানা গেছে। সংগীত পরিচালনায় রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, যার মিষ্টি ব্যাকগ্রাউন্ড স্কোর টিজারের আবহকে আরও গভীর ও আবেগঘন করে তুলেছে।

সিনেমাটির প্রযোজনা ও পরিবেশনার দায়িত্বে রয়েছে রেড অক্টোবর। জানা গেছে, সিনেমাটি মুক্তি পাবে ঈদুল আজহা যা ইতোমধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

টিজারের সবচেয়ে আলোচিত দিক হলো এর একদম সীমিত দৃশ্য ব্যবহারÑ যেখানে আধুনিক ট্রেলারগুলোর দ্রুত কাট, অ্যাকশন বা সংলাপের পরিবর্তে বেছে নেওয়া হয়েছে নীরবতা, প্রতীক এবং কবিতার ভিজ্যুয়াল ভাষা।

‘বনলতা সেন’ কেবল একটি সিনেমা নয়, বরং এক ধরনের সিনেমাটিক কবিতা হয়ে উঠছেÑ যেখানে অতীত ও বর্তমান এক বিন্দুতে এসে মিলেছে। দর্শকদের প্রত্যাশা এখন একটাই, এই নীরব দৃশ্যের ভেতর লুকিয়ে থাকা গল্পটি পর্দায় কতটা গভীরভাবে ধরা দেবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা