প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৬ ১৫:৩৬ পিএম
দেশের প্রখ্যাত দুই সংগীতশিল্পী রুনা লায়লা ও বাপ্পা মজুমদার
প্রথমবার একসঙ্গে একটি গজল নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হয়েছেন দেশের প্রখ্যাত দুই সংগীতশিল্পী রুনা লায়লা ও বাপ্পা মজুমদার। এর শিরোনাম ‘অনায়াসে’। লিখেছেন গালিব হাসান। সুর, সংগীতায়োজন, ভিডিও নির্মাণ করেছেন ও দ্বৈতকণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। এর মাধ্যমে এবারই প্রথম রুনা লায়লা কোনো বাংলা গজলে কণ্ঠ দিলেন।
এটি ১৬ মে বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। গানটি প্রকাশ উপলক্ষ্যে রাজধানীর বনানীর একটি ক্লাবে প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করা হয়। আয়োজনে বাপ্পা মজুমদার বলেন, ‘এটি মূলত রুনা ম্যামের একারই গাওয়ার কথা ছিল। কিন্তু গজলটি শোনার পর তিনিই আমাকে তার সঙ্গে গাইতে বলেন। এটা যে আমার জন্য কতটা আনন্দের এবং ভালোলাগার একটা বিষয় ছিল, তা আসলে ব্যাখা করে বুঝাতে পারব না। কারণ সারা জীবন আমরা তার গান শুনে বড় হয়েছি। সেই গুণী শিল্পী আমার সুর ও সংগীতে গান করবেন, এ পর্যন্তই আমার কাছে অনেক বড় পাওয়া ছিল। কিন্তু শেষ পর্যন্ত তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গাইব এবং গেয়েছি এটা আমার কাছে এখনো সত্যিই স্বপ্নের মতোই মনে হয়। আমি ভীষণ আবেগাপ্লুত এবং কৃতজ্ঞ।’ রুনা লায়লা বলেন, ‘এ গজলটির কথা ও সুর সত্যিই অপূর্ব। বাপ্পা আমার ভীষণ প্রিয় একজন শিল্পী, সংগীত পরিচালক। আর তার বাবা-মা যে কত বড় শিল্পী ছিলেন তা আমরা সবাই জানি। তাদের শ্রদ্ধা জানাই। বাপ্পা তার বা মায়ের নাম আরও উজ্জ্বল করছে এবং সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। অনেক শুভ কামনা রইল তার জন্য। ধন্যবাদ গালিব হাসানকেও এত সুন্দর কথার জন্য। আশা করছি গজলটি সবারই ভালো লাগবে।’ উল্লেখ্য, রুনা লায়লা গত ৪ মে দিল্লিতে অনুষ্ঠিত ১৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মিনার-ই-দিল্লি’ অ্যাওয়ার্ডে ভূষিত হন। আগামী ঈদে বিটিভির ‘আনন্দ মেলা’য় গান গাইতে দেখা যাবে তাকে।