প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৬ ০৯:১৪ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এবার মঞ্চে আনছে সুফি সাহিত্যের চিরায়ত প্রেমগাথা লাইলি-মজনু। মধ্যযুগীয় কাব্যের আবেগ, বিরহ ও আত্মত্যাগের অনন্য এই উপাখ্যান নাট্যরূপে উপস্থাপিত হবে আজ ১৮ থেকে ২১ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় এবং ২২ মে বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে।
মধ্যযুগীয় কবি দৌলত উজির বাহরাম খানের কাব্য অবলম্বনে নির্মিত এই প্রযোজনার নাট্যরূপ, পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক তানভীর নাহিদ খান। এতে অভিনয় করছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতক তৃতীয় বর্ষ, ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীরা।
নাটকের কেন্দ্রে রয়েছে আরবের নজদ অঞ্চলের যুবক কয়েস ও লাইলির শৈশব থেকে গড়ে ওঠা গভীর প্রেম। কিন্তু সামাজিক বাধা, পারিবারিক মর্যাদা ও লোকলজ্জার দেয়ালে আটকে যায় তাদের ভালোবাসা। লাইলিকে গৃহবন্দি করা হলে বিরহে পাগল হয়ে যায় কয়েসÑ যার পর থেকেই সে পরিচিত হয় ‘মজনু’ নামে। পরে বাধ্য হয়ে লাইলির অন্যত্র বিয়ে হলেও হৃদয়ের গভীরে সে চিরকালই থেকে যায় মজনুর জন্য নিবেদিত। দীর্ঘ বিরহ ও বেদনার পর লাইলির মৃত্যু ঘটে, আর তার কবরের পাশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে মজনু।