প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৬ ০৯:১২ এএম
জেফার এবং প্রতীক হাসান।
ঈদ মানেই আনন্দ, ভালোবাসা আর প্রিয়জনদের সঙ্গে মিলেমিশে কাটানো কিছু বিশেষ মুহূর্ত। তবে দেশের বাইরে থাকা প্রবাসীদের জন্য এই উৎসব অনেক সময়ই হয়ে ওঠে স্মৃতি আর আবেগে ভেজা এক অনুভূতির নাম। দূর প্রবাসে থেকেও যেন ঈদের আনন্দে মাততে পারেন বাংলাদেশিরা, সেই ভাবনা থেকেই মালয়েশিয়ায় আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সোনালি সন্ধ্যা’।
আগামী ২৪ মে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মিনারা পিজিআরএম টাওয়ার ২-এ অনুষ্ঠিত হবে এই জমকালো আয়োজন। ‘এমএস গোল্ড প্রেজেন্টস সোনালি সন্ধ্যা, পাওয়ার্ড বাই সোনালি জুয়েলস’ শিরোনামের অনুষ্ঠানটি শুরু হবে বিকাল ৫টায় এবং চলবে রাত ১০টা পর্যন্ত। পাঁচ ঘণ্টাব্যাপী এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের জন্য থাকছে গান, নাচ, আলো আর আবেগে ভরা এক উৎসবমুখর সন্ধ্যা। পুরো আয়োজনের দায়িত্বে রয়েছে এনএস ইউনিক গ্লোবাল এসডিএন বিএইচডি। জানা গেছে, অনুষ্ঠানজুড়ে থাকবে লাইভ মিউজিক, নৃত্য পরিবেশনা, ডিজে সেট, ভিজ্যুয়াল প্রেজেন্টেশন, লাইট শো এবং বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ পারফরম্যান্স। প্রবাসে থেকেও যেন এক টুকরো বাংলাদেশের আবহ অনুভব করতে পারেন দর্শকরা, সেই লক্ষ্যেই সাজানো হয়েছে পুরো অনুষ্ঠান। এদিন মঞ্চ মাতাবেন সংগীতশিল্পী প্রীতম হাসান, জেফার এবং প্রতীক হাসান। সংগীতশিল্পীদের পাশাপাশি এ অনুষ্ঠানে বিশেষ পারফরম্যান্স নিয়ে মঞ্চে হাজির হবেন ঢালিউডের জনপ্রিয় দুই চিত্রনায়িকা পূজা চেরি এবং তমা মির্জা।
এদিকে তরুণ দর্শকদের জন্য থাকছে ডিজে আভিলার বিশেষ লাইভ সেট। আধুনিক ইলেকট্রনিক বিট, বাংলা ফিউশন, বলিউড রিমিক্স এবং আন্তর্জাতিক জনপ্রিয় গানের সমন্বয়ে তৈরি হবে এক প্রাণবন্ত পার্টি জোন, যেখানে উৎসবের আমেজে মেতে উঠবেন উপস্থিত দর্শকরা।
আয়োজকদের ভাষ্য, ‘সোনালি সন্ধ্যা’ শুধু একটি কনসার্ট নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা। ভবিষ্যতে এই আয়োজনকে আরও বড় পরিসরে আন্তর্জাতিকভাবে আয়োজন করার পরিকল্পনাও রয়েছে তাদের। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এনটিভি। সরাসরি উপস্থিত হতে না পারা দর্শকদের জন্য ঈদের পরের দিন আয়োজনটি দেখার সুযোগ রয়েছে।