শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৬ ১১:০২ এএম
শিশুশিল্পী ম্যারাডোনা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাবার হাত ধরে ছোটপর্দায় ম্যারাডোনার অভিষেক
বিনোদন অঙ্গনে নতুন মুখ হিসেবে ছোটপর্দায় অভিষেক হলো পাঁচ বছর বয়সী শিশু অভিনেতা ম্যারাডোনার।
বাবার হাত ধরেই সে প্রথমবার অভিনয়ের জগতে পা রাখল।
সম্প্রতি একটি নাটকে তাকে প্রথমবারের মতো তাকে দেখা যাবে বলে জানা গেছে।
খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী উপস্থিতি দিয়ে নজর কাড়ছে এই শিশু অভিনেতা।
ম্যারাডোনা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের লেখক ও নির্মাতা মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাসের সন্তান।
নাটকের পরিচালক ও ম্যারাডোনার বাবা মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস জানান, ম্যারাডোনা খুব ছোট বয়স থেকেই ক্যামেরার সামনে এসেছে। এক বছর বয়সে গ্যাংস্টার নামে একটি নাটকে তার উপস্থিতি ছিল, তবে কোনো সংলাপ ছিল না। এখন সে সংলাপসহ অভিনয়ে যুক্ত হয়েছে।
তিনি বলেন, নতুন হলেও ম্যারাডোনা ক্যামেরার সামনে বেশ আত্মবিশ্বাসী। চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে সে আন্তরিকভাবে চেষ্টা করেছে। দর্শকরাও তার অভিনয় পছন্দ করবে বলে আশা করি।
আসন্ন ঈদুল ফিতরে এস এ টিভিতে প্রচারিত সাত পর্বের একটি নাটকে তাকে দেখা যাবে শুভ চরিত্রে। নাটকে তাকে অভিনেতা সঞ্জয় রাজ ও অভিনেত্রী নওসীন নাহারের সন্তান হিসেবে উপস্থাপন করা হয়েছে।
পারিবারিক এই সাত পর্বের নাটকটি নির্মাণ করেছেন ম্যারাডোনার বাবা মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস। নাটকটি রচনা করেছেন মমর রুবেল এবং প্রযোজনা করেছে অরোরা অ্যান্ড মিডিয়া।
নাটকটিতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সঞ্জয় রাজ, তামিম খন্দকার, গোলাম ফরিদা ছন্দা, নওসীন নাহার, মিষ্টি ঘোষ, মাসুম বাসার, রেবেকা রউফ, আমিন আজাদ, রিমুরোজা খন্দকার বিশ্বজিৎ ও মাহমুদ খানসহ অনেকে।
পরিচালক বলেন, দর্শকদের ভালোবাসা পেলে ম্যারাডোনা ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারবে। নতুন এই যাত্রায় তার জন্য শুভকামনা জানিয়েছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।