× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে সিনেমার হালচাল

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ১৪ মে ২০২৬ ১০:০৮ এএম

ঈদে সিনেমার হালচাল

ঈদ মানেই ঢালিউডে নতুন সিনেমার উৎসব। বড় বাজেট, তারকাবহুল আয়োজন আর দর্শকের বাড়তি আগ্রহকে ঘিরে প্রতি বছরই জমে ওঠে সিনেমা মুক্তির লড়াই। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। ঈদের আর মাত্র দুই সপ্তাহ বাকি থাকলেও মুক্তির তালিকায় থাকা বেশ কয়েকটি সিনেমা এখনো প্রচার-প্রচারণায় নামেনি। কোনো ছবির শুটিং শেষ হয়নি, কোনোটি আছে পোস্ট-প্রোডাকশনের শেষ ধাপে, আবার কেউ কেউ নীরবে ঈদের দৌড় থেকে সরে যাওয়ার ভাবনাও ভাবছেন।চলুন জেনে নেওয়া যাক ঈদের সিনেমার হালচাল।

রকস্টার

এবারের ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা ‘রকস্টার’। শুরু থেকেই ভিন্নধর্মী প্রচারণা দিয়ে আলোচনায় আসে সিনেমাটি। প্রথমে প্রকাশ করা হয় শাকিব খানের নতুন লুক, এরপর অ্যানিমেশন টিজারÑ যেখানে দর্শক দেখেছেন একেবারে ভিন্ন এক শাকিব খানকে।

গত শুক্রবার শেষ হয় সিনেমাটির ঢাকার অংশের শুটিং। এরপর গাজীপুরে শেষ হয়েছে পুরো শুটিং। এখন চলছে সম্পাদনা ও পোস্ট-প্রোডাকশনের কাজ। আগামী সপ্তাহে সিনেমাটি সেন্সরে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা।

রইদ

‘হাওয়া’র পর দীর্ঘ চার বছরের বিরতি ভেঙে ‘রইদ’ নিয়ে ফিরছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার, পোস্টার ও গান দর্শকের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সিনেমার আবহ ও নির্মাণশৈলী নিয়ে ইতোমধ্যে প্রশংসা পাচ্ছেন নির্মাতা। এরই মধ্যে ১৭ মে পুরো টিম নিয়ে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রচারণায় অংশ নেবেন। ক্যাম্পাসজুড়ে চলবে সিনেমাটির প্রচার। ঈদ পর্যন্ত টানা এ কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে তাদের। 

মাসুদ রানা

প্রায় পাঁচ বছর আগে শুরু হয়েছিল ‘মাসুদ রানা’র শুটিং। মাঝপথে নানা জটিলতায় সিনেমাটির কাজ থমকে গেলেও চলতি বছর হঠাৎ করেই প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দেয়, ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি। যদিও এতদিন সিনেমাটির কোনো প্রচার-প্রচারণা দেখা যায়নি। তবে জানা গেছে, সিনেমার সব শুটিং শেষ হয়েছে এবং এখন টানা পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। 

বনলতা সেন

গত বছর মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে আসেনি ‘বনলতা সেন’। এবার ঈদের সিনেমা হিসেবে সবার আগে নাম ঘোষণা করলেও এখন পর্যন্ত নেই দৃশ্যমান কোনো প্রচারণা। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। কবি জীবনানন্দ দাশের চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে।

পিনিক

আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত ‘পিনিক’ গত ঈদেই মুক্তির কথা ছিল। তবে বড় তারকাদের সিনেমা ও হলসংখ্যার চাপ বিবেচনায় তখন সরে দাঁড়ান নির্মাতারা। পরে ঘোষণা আসে, সিনেমাটি মুক্তি পাবে ঈদুল আজহায়। যদিও এতদিন ছিল নীরবতা। তবে ধারণা করা হচ্ছে এবার হল সংখ্যা যাই হোক না কেন, সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা।

বিদায়

গত বছর শুরু হওয়া ‘বিদায়’ সিনেমার প্রায় ৯৭ শতাংশ কাজ শেষ। বাকি অংশের শুটিং হবে মালয়েশিয়ায়। গণমাধ্যম সূত্রে জানা গেছেÑ প্রযোজকের মতে, শুধু ঈদকে কেন্দ্র করেই সিনেমা মুক্তি দিলে বছরের অন্য সময়গুলো ফাঁকা পড়ে যায়। তাই ঈদের বাইরে আলাদা কোনো সময় তৈরি করে মুক্তির কথাও ভাবছেন তারা। 

মালিক

আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘মালিক’ সিনেমার শুটিং শেষ। এখন চলছে শেষ মুহূর্তের পোস্ট-প্রোডাকশনের কাজ। পরিচালক সাইফ চন্দন আগামী সপ্তাহে সিনেমাটি সেন্সরে জমা দিতে চান বলে জানা গেছে। যদিও সিনেমাটি ঈদে মুক্তি পাচ্ছেÑএমন আলোচনা আগে থেকেই ছিল। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো ঘোষণা দেননি পরিচালক। 

নাকফুলের কাব্য

দুই বছর আগেই সেন্সর সনদ পেলেও নানা কারণে মুক্তি আটকে ছিল ‘নাকফুলের কাব্য’। অবশেষে ঈদুল আজহাকে সামনে রেখে সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া। প্রচারণার অংশ হিসেবে এ সপ্তাহেই মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমার একটি গান। এরপর আসবে টিজার ও ট্রেলার। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা