× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিরহের গানে মন ছুঁয়েছেন শাকিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৬ ১০:০১ এএম

রকস্টার সিনেমার পিরিতি গানের দৃশ্যে, শাকিব খান।

রকস্টার সিনেমার পিরিতি গানের দৃশ্যে, শাকিব খান।

প্রেম মানুষকে যেমন স্বপ্ন দেখায়, তেমনি বিচ্ছেদ ডুবিয়ে দেয় গভীর এক শূন্যতায়। সেই প্রেম, বেদনা আর না-পাওয়ার তীব্র অনুভূতিকে কেন্দ্র করেই এবার দর্শকদের সামনে হাজির হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। প্রকাশ পেয়েছে তার বহুল আলোচিত সিনেমা ‘রকস্টার’-এর নতুন গান ‘পিরিতি’। আর মুক্তির পর থেকেই গানটি ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা।

তবে শুধু গানের কথা বা সুর নয়, দর্শকদের সবচেয়ে বেশি নাড়া দিয়েছে গানের ভিডিওতে শাকিব খানের ভিন্নধর্মী উপস্থিতি। পুরো গানে তাকে দেখা গেছে এক বিধ্বস্ত, ক্লান্ত ও কারাবন্দি মানুষের রূপে। ৩ মিনিট ৫২ সেকেন্ডের পুরো চিত্রায়নই হয়েছে জেলখানার ভেতরে। অন্ধকার প্রকোষ্ঠে বন্দি শাকিবের চোখেমুখে ফুটে উঠেছে গভীর যন্ত্রণা আর না বলা কষ্টের ছাপ।

ভিডিওতে তার জীর্ণ চেহারা ও আবেগঘন অভিব্যক্তি দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। তবে ঠিক কী কারণে এই চরিত্র জেলে, সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট ইঙ্গিত দেয়নি নির্মাতা পক্ষ। আর এই রহস্য নিয়েই সামাজিক মাধ্যমে চলছে ভক্তদের নানা আলোচনা ও জল্পনা।

‘পিরিতি’ গানটি তৈরি হয়েছে ফোক ও অ-ক্যাপেলা ঘরানার মিশেলে। কবি হাসান রোবায়েতের কাব্যিক কথায় সুর দিয়েছেন আহমেদ হাসান সানি। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই। তার দরাজ কণ্ঠ গানে যোগ করেছে এক অন্যরকম আবেগ।

সংগীত পরিচালনা ও আয়োজন করেছেন জাহিদ নীরব। গানের প্রতিটি লাইনে ফুটে উঠেছে প্রেম, আকাঙ্ক্ষা আর মানসিক যন্ত্রণার গভীর প্রকাশ। বিশেষ করে, ‘পিরিতি জানে না কালা কোনো সংগ্রাম, এ প্রাণ ডালিম যেন ফেটে দুই ভাগ’-এই অংশটি ইতোমধ্যেই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

‘সান মোশন পিকচার্স’-এর ব্যানারে নির্মিত ‘রকস্টার’ সিনেমার গানটি ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে। আর মুক্তির পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে গানটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আলোচনা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা