প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ মে ২০২৬ ১৮:৪৬ পিএম
আপডেট : ১৩ মে ২০২৬ ২২:১৭ পিএম
দম সিনেমার পোস্টার। ছবি: চরকি
ঈদুল আজহা উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে আলোচিত বাংলা চলচ্চিত্র ‘দম’।
প্ল্যাটফর্মটিতে ২১ মে থেকে দর্শকরা দেখতে পারবে ‘দম’। চরকির ভেরিফয়েড ফেসবুক পেজে বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ মে রাত ১২টা থেকে দেশ-বিদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন।
রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরিসহ অনেকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপের তথ্য অনুযায়ী, ‘দম’ এখন পর্যন্ত বক্স অফিসে এ বছরের হায়েস্ট ওপেনার, অর্থাৎ প্রথম সপ্তাহের টিকিট বিক্রিতে সবচেয়ে এগিয়ে ছিল সিনেমাটি। দেশের গণ্ডি পেরিয়ে ‘দম’ বিদেশের মাটিতেও সাফল্য দেখিয়েছে। সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়ার পর থেকেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ করা গেছে।
আমেরিকাতে প্রথম সপ্তাহে সাতটি প্রেক্ষাগৃহ প্রদর্শিত হয় ‘দম’। দ্বিতীয় সপ্তাহেই সিনেমাটি দর্শক চাহিদায় প্রদর্শিত হয় ৫০টি প্রেক্ষাগৃহে।
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার ফলে এখন বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ যেকোনো সময় এই সিনেমাটি উপভোগের সুযোগ পাবেন।
‘দম’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই ও চরকি। সিনেমাটির পরিচালক রেদওয়ান রনি বলেন, “আমি বরাবরই বলে এসেছি ‘দম’ বাংলাদেশের এবং বাংলাদেশিদের জয়ের গল্প। চরকিতের মুক্তির মাধ্যমে এই জয়ের গল্প সবার ঘর বা হাতে পৌঁছে যাবে। আশা করব দেশ-বিদেশের সবাই এই জয় উপভোগ করবেন। ঈদের আনন্দে পরিবারের সবাইকে নিয়ে ঘরে বসেই ‘দম’ দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।”
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল আশাবাদ ব্যক্ত করে বলেন, “প্রেক্ষাগৃহের দর্শকরা বলছেন ‘দম’ সিনেমা বাংলাদেশের চলচ্চিত্রের লেভেল আপ করেছে। প্রতি সিনেমায় এটাই আমাদের চেষ্টা থাকে। এই চেষ্টাটা এবার সবাই দেখার সুযোগ পাবেন, সে জন্য ভালো লাগছে। প্রেক্ষাগৃহ নাই বা বিদেশ বলে এখন আরও কোনো বাধা থাকছে না। চরকিতে যেকোনো জায়গা থেকে সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা। এটাই আনন্দের।”
আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশির সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ‘দম’ সিনেমার ট্যাগলাইন ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ‘দম’ সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি।