× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রামাণ্যচিত্রে পূর্ণিমা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৬ ১৭:৩৪ পিএম

দিলারা হানিফ পূর্ণিমা। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে।

দিলারা হানিফ পূর্ণিমা। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে।

দিলারা হানিফ পূর্ণিমা, ঢাকাই সিনেমার রুপালি পর্দায় একসময় যার হাসিতেই থমকে যেত দর্শকের হৃদস্পন্দন, অভিনয়ের মায়া, অভিজাত ব্যক্তিত্ব আর অনন্য সৌন্দর্যের কারণে দীর্ঘদিন ধরেই তিনি ছিলেন দর্শকপ্রিয়তার শীর্ষে। তবে সময়ের সঙ্গে অভিনয়ে তার ব্যস্ততা কমেছে অনেকটাই। নতুন সিনেমা বা নাটকে তাকে খুব একটা দেখা যায় না বললেই চলে। তাই ভক্তদের কাছে এখনও তার প্রত্যাবর্তন যেন এক বিশেষ অপেক্ষার নাম। আর সেই অপেক্ষার মাঝেই হঠাৎ ভিন্নধর্মী এক কাজ দিয়ে আবারও আলোচনায় এলেন এই জনপ্রিয় অভিনেত্রী।

সম্প্রতি সচেতনতামূলক একটি প্রামাণ্যচিত্রে অংশ নিয়ে চমকে দিয়েছেন পূর্ণিমা। ১৯৭০ সালে ভোলা জেলায় ঘটে যাওয়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ও প্রলয়ঙ্করী বন্যার পটভূমিতে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘অস্তিত্বের লড়াই’। এটি পরিচালনা করেছেন ‘প্রেমের তাজমহল’ খ্যাত নির্মাতা গাজী মাহবুব। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) বিশেষ সেট নির্মাণ করে এরই মধ্যে শেষ হয়েছে এর শুটিং।

বেসরকারি উন্নয়ন সংস্থা মানবসুর উন্নয়ন সংস্থার (মাউস) জন্য নির্মিত হয়েছে এই প্রামাণ্যচিত্র। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা সোহরাব লাভুর পরিকল্পনা ও গ্রন্থনায় নির্মিত কাজটির মাধ্যমে তুলে ধরা হয়েছে অতীতের ভয়াবহ দুর্যোগের স্মৃতির পাশাপাশি বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং দুর্যোগ মোকাবিলায় মানুষের করণীয়।

জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কর্মসূচির একটি আয়োজনে প্রথমবার প্রদর্শিত হবে ‘অস্তিত্বের লড়াই’। পরে সাধারণ দর্শকদের জন্য এটি ইন্টারনেট ও সামাজিক মাধ্যমেও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রামাণ্যচিত্রটিতে পূর্ণিমার পাশাপাশি অভিনয় করেছেন কাজী হায়াৎ, শিবা শানু, তানহা তাসনিয়া, শিরিন শিলা, মৌ খান ও জয় চৌধুরীসহ আরও অনেক পরিচিত মুখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা