প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ মে ২০২৬ ১৭:২৭ পিএম
আপডেট : ১২ মে ২০২৬ ১৭:৪৫ পিএম
আসছে সৌমি ও মিহির নতুন নাটক ‘বোকা মানুষ’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা আদিফ হাসানের পরিচালনায় নির্মিত হয়েছে নতুন ফ্যামিলি-রোমান্টিক ঘরানার নাটক ‘বোকা মানুষ’। মানবিক আবেগ, একতরফা ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত এই নাটকে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মুর্তজা পলাশ, সেমন্তি সৌমি এবং ফারজানা আহসান মিহি।
‘জয় পাগল মাল্টিমিডিয়া’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে বুধবার নাটকটি মুক্তি পেতে যাচ্ছে।
‘বোকা মানুষ’ নাটকটির গল্প আবর্তিত হয়েছে ‘আহান’ নামের এক যুবককে কেন্দ্র করে। অতীতের ভালোবাসা নেহাকে ভুলতে না পেরে আহান তার বর্তমান জীবন, পরিবার এবং স্ত্রী মায়ার প্রতি চরম উদাসীন হয়ে পড়ে। ভালোবাসা, অভিমান, মানসিক যন্ত্রণা ও সংসারের রূঢ় বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনি। জীবনের এক পর্যায়ে নিজের ভুল বুঝতে পারলেও ততক্ষণে তাকে এক কঠিন ও নির্মম সত্যের মুখোমুখি হতে হয়।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা আদিফ হাসান বলেন, এটি শুধুমাত্র একটি প্রেমের গল্প নয়। এটি একজন মানুষের ভাঙন, অপরাধবোধ, ভালোবাসা এবং ফিরে আসার গল্প। দর্শক নিজেদের জীবনের অনেক অনুভূতির সঙ্গে নাটকের গল্পকে মিলিয়ে নিতে পারবেন বলে আমি বিশ্বাস করি।
এ বিষয়ে মুর্তজা পলাশ বলেন, নাটকটির গল্পে দর্শক বাস্তব জীবনের অনেক অনুভূতির প্রতিফলন খুঁজে পাবেন। আমার চরিত্রটি খুবই আবেগপ্রবণ এবং চ্যালেঞ্জিং ছিল। চেষ্টা করেছি চরিত্রটিকে স্বাভাবিকভাবে উপস্থাপন করতে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।
নাটকটির গল্প ও পরিচালনা করেছেন আদিফ হাসান। চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা। সিনেমাটোগ্রাফিতে ছিলেন এমাদ ইমরান। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন নাসিফ অনি এবং সম্পাদনা ও কালারে ছিলেন সাদিকুল ইসলাম দিনার।
এছাড়াও সহযোগী পরিচালক হিসেবে ছিলেন আরাবি মাহমুদ নোমান এবং প্রধান সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তানজিব আহমেদ।