প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৬ ২০:৩৬ পিএম
অভিনেতা, নাট্যকার আতাউর রহমান। ছবি: ফেসবুক থেকে
লাইফ সাপোর্টে আছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নাট্যনিদের্শক আতাউর রহমান। ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
প্রতিদিনের বাংলাদেশকে সোমবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে শর্মিষ্ঠা রহমান।
তিনি বলেন, “আব্বার অবস্থা খুব একটা ভালো না। তার শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে। চিকিৎসকেরা তেমনটাই জানিয়েছেন।
“এখন ফুল লাইফ সাপোর্টে আছেন। তেমন কোনো উন্নতি নাই। সবার কাছে আমার আব্বার সুস্থতার জন্য দোয়া চাই”।
শর্মিষ্ঠা আরও বলেন, “এমনিতে বাবার নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত কিছু সমস্যা আছে। এর মধ্যে গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, তার আইসিইউ সাপোর্ট প্রয়োজন।
“হাসপাতালটিতে আইসিইউ সুবিধা না থাকায় ধানমন্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তি করার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে কিছুটা শারীরিক উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছিল, কিন্তু অবস্থার পুনরায় অবনতি হলে গতকাল বাবাকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়”।
এদিকে আতাউর রহমানের শারীরিক অবস্থার খবরে সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগ বিরাজ করছে। সহকর্মী ও অনুরাগীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী আতাউর রহমান, যিনি একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া এ সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত।
দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার।