প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৬ ১০:৩১ এএম
কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার পোস্টার থেকে।
মুক্তির আগেই যেন বিতর্কের জালে আটকে গেছে পরিচালক হাসান জাহাঙ্গীর পরিচালিত সিনেমা কন্ট্রাক্ট ম্যারেজ। একের পর এক অভিযোগে ছবিটি এখন টক অব দ্য শোবিজ। প্রথমে আপত্তি তুলেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। তার দাবি ছিল, এটি সিনেমা নয়Ñ নাটকের কথা বলেই যুক্তরাষ্ট্রে শুটিং করা হয়েছিল। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার অভিযোগ নিয়ে সামনে এলেন ছোটপর্দার অভিনেত্রী জেবা জান্নাত।
সম্প্রতি প্রকাশিত পোস্টারে মৌসুমীর পাশাপাশি দেখা যায় জেবা জান্নাতকেও। অথচ অভিনেত্রীর দাবি, কন্ট্রাক্ট ম্যারেজ নামে কোনো সিনেমা কিংবা নাটকে তিনি কখনও অভিনয়ই করেননি। বিষয়টি জানাজানি হওয়ার পর পরিচালক হাসান জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সন্তোষজনক কোনো ব্যাখ্যা পাননি তিনি। পরে বাধ্য হয়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন এবং টেলিভিশন অভিনয়শিল্পীদের সংগঠন অ্যাক্টরস ইকুইটি-তে লিখিত অভিযোগ জমা দেন জেবা।
অভিযোগপত্রে জেবা জানান, একটি একক নাটকে অভিনয়ের জন্য মৌখিকভাবে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। সেখানে সহশিল্পী হিসেবে থাকার কথা ছিল অভিনেতা সিয়াম মৃধার। কিন্তু শুটিংয়ে গিয়ে তাকে অভিনয় করতে হয় হাসান জাহাঙ্গীরের সঙ্গে। প্রশ্ন তুললে পরিচালক সেটিকে ‘স্বপ্নের দৃশ্য’ বলে এড়িয়ে যান। পরে দীর্ঘ সময় পর সামাজিক মাধ্যমে নিজের ছবি সংবলিত সিনেমার পোস্টার দেখে বিস্মিত হন অভিনেত্রী।
এদিকে পুরো ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন সিয়াম মৃধাও। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, সিরিয়ালের কাজের কথা বলে শিল্পীদের দিয়ে শুটিং করানো হলেও পরে সেই ফুটেজ ব্যবহার করা হয়েছে সিনেমায়। তার ভাষ্য, অনেক শিল্পীই বুঝতেই পারেননি যে তারা আসলে চলচ্চিত্রের অংশ হচ্ছেন।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন হাসান জাহাঙ্গীর। তার দাবি, শিল্পীরা বিষয়টি জানতেন এবং অনুমতি নিয়েই কাজ করা হয়েছে। এমনকি জেবার সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ডও প্রকাশ করেছেন তিনি। যদিও জেবা দাবি করেছেন, সেটি খণ্ডিত রেকর্ড। পরিচালকের সততা থাকলে পুরো কল রেকর্ড প্রকাশ করার আহ্বান জানিয়েছেন তিনি।
মুক্তির আগেই কন্ট্রাক্ট ম্যারেজ এখন বিতর্ক, অভিযোগ আর পাল্টা অভিযোগের কেন্দ্রবিন্দুতে। প্রশ্ন উঠছে-শিল্পীদের অজান্তে কোনো কাজকে সিনেমা হিসেবে ব্যবহার করা কতটা নৈতিক? আর এই বিতর্কের মধ্যেই ছবিটির মুক্তি আদৌ হয় কি নাÑ সেটাই এখন দেখার অপেক্ষা।