মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ১০ মে ২০২৬ ১০:২৪ এএম
বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত।
বাংলাদেশের শোবিজ অঙ্গনে সময়ের সঙ্গে অনেক তারকার আগমন ঘটে, আবার অনেকেই হারিয়েও যান। তবে কিছু মুখ থেকে যায় দর্শকের আস্থা আর ভালোবাসার কেন্দ্রে। বিদ্যা সিনহা মিম সেই বিরল তারকাদের একজন, যিনি শুধু অভিনয় নয়Ñ ব্যক্তিত্ব, ফ্যাশন সেন্স এবং মার্জিত উপস্থিতির মাধ্যমে নিজেকে আলাদা উচ্চতায় নিয়ে গেছেন। দুই দশকেরও বেশি সময় ধরে বিনোদনজগতে কাজ করলেও এখনও তিনি সমানভাবে আলোচনায়, সমানভাবে গ্রহণযোগ্য।
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু হয়েছিল মিমের। শুরু থেকেই তার মধ্যে ছিল আত্মবিশ্বাসী উপস্থিতি এবং ক্যামেরার সামনে স্বাভাবিক অভিনয়ের দক্ষতা। টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে কাজ করে খুব দ্রুতই দর্শকের নজর কাড়েন তিনি। তবে শুধু সৌন্দর্যের ওপর ভর করে নয়, অভিনয় দক্ষতাকে মূল শক্তি বানিয়েই সামনে এগিয়েছেন এই অভিনেত্রী।
চলচ্চিত্রে পা রাখার পর ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। বাণিজ্যিক সিনেমার পাশাপাশি গল্পনির্ভর কাজেও নিজেকে প্রমাণ করেছেন। রোমান্টিক চরিত্র, আবেগঘন গল্প কিংবা আধুনিক নারীর জটিল মানসিকতার চরিত্রÑ সব জায়গাতেই দেখা গেছে তার সাবলীল অভিনয়। দর্শকের কাছে তার গ্রহণযোগ্যতার অন্যতম কারণ হলোÑ তিনি কখনও অতিরিক্ত নাটকীয় অভিনয়ের পথে হাঁটেননি। বরং সংযত এবং বাস্তবধর্মী অভিনয় দিয়েই আলাদা জায়গা তৈরি করেছেন।
বর্তমান সময়ে ওটিটি প্লাটফর্মের উত্থানের পর অনেক অভিনেতা-অভিনেত্রী নিজেদের অবস্থান ধরে রাখতে হিমশিম খেলেও মিম সেখানে সফলভাবে মানিয়ে নিয়েছেন। ফলে বড়পর্দা থেকে ডিজিটাল প্লাটফর্মÑ সব জায়গাতেই তার জনপ্রিয়তা বজায় রয়েছে।
অভিনয়ের বাইরে ফ্যাশন জগতেও মিমের রয়েছে শক্ত অবস্থান। বাংলাদেশের তারকাদের মধ্যে যাদের স্টাইল সেন্স সবচেয়ে বেশি প্রশংসিত, তিনি তাদের অন্যতম। শাড়িতে যেমন আভিজাত্য ফুটে ওঠে, তেমনই ওয়েস্টার্ন পোশাকেও তিনি থাকেন সমান আত্মবিশ্বাসী। তার ফ্যাশন স্টেটমেন্ট অনেক তরুণীর কাছেই অনুপ্রেরণা। সামাজিক মাধ্যমে তার বিভিন্ন লুক প্রায়ই আলোচনায় আসে।
বিভিন্ন পোশাক, প্রসাধনী ও লাইফস্টাইল ব্র্যান্ডের কাছেও তিনি অন্যতম নির্ভরযোগ্য মুখ। কারণ মিমের ব্যক্তিত্বের মধ্যে রয়েছে এক ধরনের পরিশীলিত ভাব, যা ব্র্যান্ডগুলোর জন্য ইতিবাচক ইমেজ তৈরি করে। বর্তমান সময়ে যেখানে বিতর্ককে কেন্দ্র করেই অনেক তারকা আলোচনায় থাকেন, সেখানে মিম বরাবরই পরিচ্ছন্ন ইমেজ ধরে রেখেছেন। ব্যক্তিগত জীবন নিয়েও তিনি সব সময় সংযত থেকেছেন। অযথা বিতর্ক কিংবা অতিরিক্ত প্রচারণার বদলে কাজ দিয়েই আলোচনায় থাকতে পছন্দ করেন।
তার এই পরিমিতিবোধই তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে। দর্শকের কাছে তিনি শুধু একজন নায়িকা নন, বরং একজন পরিণত ও আত্মবিশ্বাসী নারী। নারী দর্শকের কাছেও তার জনপ্রিয়তা অনেক বেশি। কারণ তারা মিমের মধ্যে খুঁজে পান স্টাইল, ক্যারিয়ার সচেতনতা এবং ব্যক্তিত্বের সুন্দর সমন্বয়।