প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ মে ২০২৬ ১৯:০৭ পিএম
আপডেট : ০৯ মে ২০২৬ ১৯:২৫ পিএম
দক্ষিণ ভারতীয় রাজনীতিবিদ বিজয়। ছবি: এনডিটিভি
অবশেষে সংখ্যাগরিষ্ঠতার জট কাটল টিভিকে প্রধান ও দক্ষিণী সুপারস্টার জোসেফ বিজয় চন্দ্রশেখরনের দল তামিলগা ভেট্রি কাজাগামের (টিভিকে) । বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) নিঃশর্ত সমর্থনে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেল টিভিকে।
দুই দলেরই রয়েছে দুটি করে বিধায়ক। তাদের সমর্থন পাওয়ার পর টিভিকে জোটের শক্তি দাঁড়িয়েছে ১২০ এ, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সীমা অতিক্রম করেছে। ফলে বিজয় এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পথে অনেকটাই এগিয়ে গেলেন।
ভিসিকের সমর্থনপত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, রাজ্যে স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার নিশ্চিত করতেই তারা টিভিকেকে সমর্থন দিচ্ছে।
ভিসিকের সভাপতি থোল. থিরুমাভালাভানের পক্ষে দলীয় আইনসভা নেতা ভান্নি আরাসু গভর্নর আর. ভি. আরলেকারকে লেখা চিঠিতে জানান, তাদের দুই বিধায়কের সমর্থন টিভিকে সরকার গঠনের উদ্দেশ্যেই দেওয়া হচ্ছে।
আইইউএমএলও একইভাবে সমর্থনের চিঠি দিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
গভর্নরের সঙ্গে দেখা করবেন বিজয়
এখন পরবর্তী ধাপে টিভিকে প্রধান বিজয় সব সমর্থনপত্র গভর্নরের হাতে তুলে দিয়ে সরকার গঠনের দাবি জানাবেন। এ বিষয়ে সোমবার গভর্নরের সঙ্গে দেখা করতে পারেন বিজয়।
এর আগে গত বুধবার থেকে একাধিকবার রাজভবনে গেলেও পর্যাপ্ত সমর্থনের প্রমাণ দেখাতে না পারায় তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাননি গভর্নর। গভর্নরের দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছিল, অন্তত ১১৮ বিধায়কের সমর্থনপত্র ছাড়া সরকার গঠনের অনুমতি দেওয়া হবে না।
জোটের অঙ্ক
নির্বাচনে টিভিকে জোট আগে থেকেই ১১৬ জন বিধায়কের সমর্থন পেয়েছিল। এর মধ্যে কংগ্রেসের ৫ জন ও বাম দলগুলোর ৪ জন বিধায়ক ছিলেন। পরে ভিসিকের দুই বিধায়কের সমর্থনে সেই সংখ্যা ১১৮ তে পৌঁছায়। এরপর আইইউএমএলের সমর্থন মেলায় জোটের অবস্থান আরও শক্তিশালী হয়।
বাম দলগুলো নিঃশর্ত সমর্থন দিলেও কংগ্রেসের সমর্থনের সঙ্গে কিছু শর্ত ছিল বলে জানা গেছে। এনডিটিভি বলছে, কংগ্রেস সরকারে দুটি মন্ত্রিত্ব চাইতে পারে। অন্যদিকে বাম দলগুলো মন্ত্রিসভায় যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
নতুন রাজনৈতিক শক্তি হিসেবে টিভিকে
মাত্র দুই বছর আগে গঠিত টিভিকে এবারের নির্বাচনে সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ১০৮টি আসন জিতে দলটি তামিলনাড়ুর রাজনীতিতে ডিএমকে ও এআইএডিএমকের দীর্ঘ ৬২ বছরের আধিপত্য ভেঙে দিয়েছে।
নির্বাচনে টিভিকে ১০৮টি আসন পেলেও বিজয় নিজে দুটি আসনে জয়ী হওয়ায় বর্তমানে দলের মোট বিধায়ক সংখ্যা ১০৭।