প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৬ ১২:০২ পিএম
প্রতি সপ্তাহেই ওটিটি প্লাটফর্মগুলোতে যোগ হচ্ছে নতুন নতুন সিনেমা ও ওয়েব সিরিজ। বাংলা, ইংরেজি, তুর্কি কিংবা মালয়ালমÑ বিভিন্ন ভাষার কনটেন্ট নিয়ে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন আগ্রহ। চলতি সপ্তাহেও মুক্তি পেয়েছে এমন কিছু সিনেমা ও সিরিজ।
পথের প্যাঁচাল (বাংলা ফ্ল্যাশ ফিকশন)
৭ মে চরকিতে মুক্তি পেয়েছে বাংলা ফ্ল্যাশ ফিকশন ‘পথের প্যাঁচাল’। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও বহ্নি হাসান। ছোট পরিসরের গল্প হলেও এতে উঠে এসেছে জীবনের বাস্তবতা, স্বপ্ন আর দুই ভিন্ন জগতের মানুষের অদ্ভুত এক সংযোগের গল্প।
গল্পের কেন্দ্রে রয়েছে বায়েজিদ নামের এক অটোরিকশাচালক। প্রতিদিনের সংগ্রাম আর সীমিত জীবনের ভেতর দিয়েই কাটছে তার সময়। অন্যদিকে উমা একজন নবীন লেখক, যে নিজের প্রথম উপন্যাস প্রকাশের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চায়। এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বায়েজিদের জীবনে জড়িয়ে পড়ে উমা। জীবনের অংশ হয়ে ওঠে।
সম্পর্ক, স্বপ্ন আর জীবনের অনিশ্চয়তাÑ সব মিলিয়ে ‘পথের প্যাঁচাল’ হতে পারে আবেগঘন এক অভিজ্ঞতা।
লাল মোরগের ঝুঁটি (বাংলা সিনেমা)
বাংলা সিনেমাপ্রেমীদের জন্য এ সপ্তাহের আরেক গুরুত্বপূর্ণ মুক্তি ‘লাল মোরগের ঝুঁটি’। ৭ মে আইস্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন আহমেদ রুবেল, ভাবনা, দীপক সুমন ও জ্যোতিকা জ্যোতি।
সিনেমার গল্প নির্মিত হয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। তখনকার বাংলাদেশ যেন এক ভয়াবহ বন্দিশালায় পরিণত হয়েছিল। বিহারি অধ্যুষিত একটি ছোট শহরকে কেন্দ্র করে এগিয়েছে কাহিনী। নির্মাতারা সময়ের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন ভিন্ন আঙ্গিকে। মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প পছন্দ করা দর্শকের জন্য এটি হতে পারে বিশেষ আকর্ষণ।
ভাযা ২ (মালয়ালম সিনেমা)
৮ মে জিওহটস্টারে মুক্তি পেয়েছে মালয়ালম সিনেমা ‘ভাযা ২’। এতে অভিনয় করেছেন হাসির, এলান বিন সিরাজ, অজিন জয় ও বিনায়ক। তরুণদের জীবনসংগ্রাম, বন্ধুত্ব এবং নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি।
গল্পে দেখা যাবে কলেজপড়ুয়া চার বন্ধুকে, যারা পড়াশোনায় খুব একটা ভালো নন। সমাজের চোখে তারা অনেকটাই অকর্মণ্য ও ব্যর্থ। পরিবার এবং আশপাশের মানুষের কাছ থেকেও তারা নানা ধরনের অবহেলা ও অপমানের মুখোমুখি হয়। কিন্তু এত কিছুর পরও তাদের বন্ধুত্বে ফাটল ধরে না।
সিটাডেল সিজন ২ (ইংরেজি সিরিজ)
অ্যাকশন ও স্পাই থ্রিলারপ্রেমীদের জন্য রয়েছে ‘সিটাডেল’ সিরিজের দ্বিতীয় সিজন। ৬ মে প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত এই সিরিজ। এতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, রিচার্ড ম্যাডেন ও স্ট্যানলি টুচি।
প্রথম সিজনের ঘটনার পর ভেঙে পড়ে গুপ্তচর সংস্থা সিটাডেল। এবার মেসন ও নাদিয়া আবারও মাঠে নামে শক্তিশালী অপরাধী নেটওয়ার্ক ম্যান্টিকোর বিরুদ্ধে। নতুন সিজনে তারা গঠন করে একদল দক্ষ গুপ্তচর, যাদের লক্ষ্য বৈশ্বিক ষড়যন্ত্র প্রতিহত করা।
অ্যাকশন, রহস্য, আন্তর্জাতিক রাজনীতি ও টানটান উত্তেজনায় ভরপুর এই সিরিজে থাকছে নতুন মিশন ও চমক। বড় বাজেটের নির্মাণ এবং আন্তর্জাতিক মানের ভিজুয়াল দর্শকের জন্য সিরিজটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
থ্যাংক ইউ, নেক্সট সিজন ৩ (তুর্কি সিরিজ)
৮ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে জনপ্রিয় তুর্কি সিরিজ ‘থ্যাংক ইউ, নেক্সট’-এর তৃতীয় সিজন। এতে অভিনয় করেছেন সেরে নায় সারেকায়া ও মেতিন আকদোলগার।
আধুনিক সম্পর্কের জটিলতা, ভালোবাসা, বিচ্ছেদ এবং নিজেকে নতুনভাবে আবিষ্কারের গল্প নিয়েই এগিয়েছে সিরিজটি। দ্বিতীয় সিজনের নাটকীয় ঘটনার পর এবার অতীত পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করতে চায় লেয়লা। তার এই যাত্রায় আবারও পাশে দাঁড়ান বন্ধুরা। নতুন সিজনেও থাকছে আবেগ, নাটকীয়তা এবং জীবনের নতুন মোড়ের গল্প।