প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ মে ২০২৬ ২২:৩৫ পিএম
আপডেট : ০৮ মে ২০২৬ ২২:৩৫ পিএম
কলম্বিয়ান পপ তারকা শাকিরা। ছবি: বিবিসি
ফুটবল বিশ্বকাপ আর কলম্বিয়ান পপ তারকা শাকিরা যেন জড়িয়ে গেছে একে অপরের সঙ্গে। ২০১০ সালের ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪ সালের ‘লা লা লা’ দিয়ে ভক্তদের মাতিয়ে দিয়েছিলেন তিনি। মাঝে দুই আসর বিরতির পর আবারও বিশ্বকাপের অফিসিয়াল থিম সং গাইতে ফিরছেন শাকিরা।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য নির্বাচিত হয়েছে শাকিরার নতুন গান ‘ডাই ডাই’। যেখানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বার্না বয়।
বৃহস্পতিবার ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ধারণ করা একটি টিজার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন শাকিরা। ভিডিওতে দেখা যায়, এবারের বিশ্বকাপের আয়োজক তিন দেশ মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডার জাতীয় পতাকার রঙে সেজেছেন একদল নৃত্যশিল্পী।
বিশ্বকাপকে সামনে রেখে তৈরি হওয়া গানটি আগামী ১৪ মে মুক্তি পাবে। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপের আবেগ, বৈচিত্র্য ও বৈশ্বিক ঐক্যের বার্তা তুলে ধরতেই এই গানে একসঙ্গে আনা হয়েছে দুই ভিন্ন সংস্কৃতির জনপ্রিয় শিল্পীকে।