প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ মে ২০২৬ ০১:৩৮ এএম
আপডেট : ০৮ মে ২০২৬ ০১:৩৯ এএম
প্রখ্যাত সঙ্গীতশিল্পী কনক চাঁপা। ছবি: ফেসবুক
প্রখ্যাত সঙ্গীতশিল্পী কনক চাঁপা সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়স এবং জীবন নিয়ে তার কিছু ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেছেন।
তিনি শুক্রবার এক পোস্টে উল্লেখ করেন, তার ছবিতে যখন কেউ তার বয়স বা পারিবারিক বিষয় নিয়ে মন্তব্য করেন, তখন তিনি খানিকটা কষ্ট পান।
বিশেষ করে যখন তার বয়সকে অন্য কারো মায়ের জন্মদিনের সঙ্গে তুলনা করা হয়, তখন তার মনে হয় যে তাকে অনেক 'বৃদ্ধ' হিসেবে দেখা হচ্ছে। শিল্পী তাঁর পোস্টে লিখেছেন, "আমার বিয়ের সময় আপনার মায়ের জন্ম হয়েছে তারমানে আমি অনেক বৃদ্ধ। ভালো কথা। আবার আপনার মৃত্যুর দিন আরেকটি শিশু জন্ম নেবে সেটাও সত্যি"।
কনক চাঁপা মনে করিয়ে দেন যে, ৫৬+ বছর বয়স একদিনে হয়নি। এটি আল্লাহর রহমত এবং প্রতিদিনের অভিজ্ঞতার ফসল। তিনি বড়দের সম্মান করার গুরুত্ব তুলে ধরেছেন। তার কথায়, "এই যে আমি সিনিয়র, আমার বয়স ৫৬+ চলছে তা কি একদিনে হয়েছে? আল্লাহর রহমত ছাড়া বেঁচে আছি? প্রতিদিন কতো নতুন অভিজ্ঞতা সঞ্চয় করেছি এই কথা ও সঙ্গে সঙ্গে উপলব্ধি করা উচিত। এইজন্যই বড়দের আমরা সম্মান করি"।
শিল্পী আরও বলেন যে, বয়স কেবল একটি সংখ্যা। তিনি নিজে দেখেছেন, তার ৫৬+ বয়স হওয়া সত্ত্বেও চল্লিশোর্ধ্ব একজন মানুষ তাঁর চেয়ে দেখতে বড়। তিনি লেখেন, "আসলে বয়স একটা সংখ্যা মাত্র। বড় ছোট ব্যাপার না"।
অতীতে আধুনিকতা এবং বর্তমানের ভঙ্গুরতা নিয়েও শিল্পী কথা বলেছেন। তিনি কিছু প্রশ্ন তুলেছেন, "সেইকালে ক্যামেরা ছিলো? রঙিন ছবি ছিলো? মেহেদি ছিলো? এগুলো প্রশ্ন খুবই বালখিল্য"। তার মতে, বাঙালি জাতিগতভাবে অনেক আগে থেকেই আধুনিক ছিল।
সবশেষে, শিল্পী সবার জন্য সুখ, সমৃদ্ধি, সুরক্ষা, আনন্দ এবং সুস্বাস্থ্য কামনা করেছেন।