প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ মে ২০২৬ ১৪:০১ পিএম
সালমান খান ও কারিনা কাপুর।
বলিউডে এবার আসছে নতুন চমক। সুপারস্টার সালমান খান প্রথমবারের মতো সুপারহিরো চরিত্রে পর্দায় হাজির হতে যাচ্ছেন বলে জানা গেছে। জনপ্রিয় নির্মাতা জুটি রাজ ও ডিকে-এর পরিচালনায় নির্মিত এই বিগ বাজেট প্রজেক্টটি ঘিরে ইতোমধ্যেই বলিউডে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে শোনা যাচ্ছে, এই ছবিতে সালমান খানের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুরকে। যদি সব কিছু চূড়ান্ত হয়, তবে এটি হবে সালমান-কারিনা জুটির পঞ্চম সিনেমা। এর আগে তারা একসঙ্গে কাজ করেছেন ‘বডিগার্ড’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘কিঁউ কি...’ এবং ‘ম্যায় অর মিসেস খন্না’ ছবিতে। এ ছাড়া ‘দাবাং ২’-এর জনপ্রিয় আইটেম গান ‘ফেভিকল সে’-তেও পারফর্ম করেছেন কারিনা।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই সুপারহিরো প্রজেক্টের নারীপ্রধান চরিত্রের জন্য কারিনা কাপুরের সঙ্গে এখনও চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে। যদিও আনুষ্ঠানিক চুক্তি হয়নি, তবে চরিত্রটি পছন্দ হওয়ায় তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন। জানা গেছে, সালমান খান নিজেও ব্যক্তিগতভাবে কারিনার সঙ্গে কথা বলেছেন, যা আলোচনাকে আরও এগিয়ে নিয়েছে।
এদিকে সালমান খান আরও কয়েকটি বড় বাজেটের সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আলোচনায় থাকা প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে ‘মাতৃভূমি’ এবং দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে নতুন একটি ছবি।
অন্যদিকে কারিনা কাপুরকে শিগগিরই মেঘনা গুলজার পরিচালিত ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার ‘দায়রা’-তে দেখা যাবে, যেখানে তিনি স্ক্রিন শেয়ার করবেন অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারানের সঙ্গে।