প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৬ ১৩:২২ পিএম
ফ্ল্যাশ ফিকশন ‘পথের প্যাঁচাল’-এর পোস্টার। ছবি: চরকি থেকে।
সময়ের ব্যস্ত ছন্দে ছুটে চলা জীবনে প্রতিদিনই তৈরি হয় অসংখ্য গল্পÑ কিছু দেখা, কিছু অদেখা। সেই গল্পগুলোই কখনও পথের ধুলোয় মিশে যায়, আবার কখনও হয়ে ওঠে জীবনের গভীর অনুভূতির ভাষা। ঠিক এমনই বাস্তবতা আর আবেগের মিশেলে নির্মিত হয়েছে নতুন ফ্ল্যাশ ফিকশন ‘পথের প্যাঁচাল’।
‘পথে পথে জড়িয়ে থাকে কত গল্পের জাল, পথেই শুরু, পথের প্যাঁচাল’Ñ এই ভাবনাকে কেন্দ্র করে এগিয়েছে নির্মাণটি। এতে অভিনয় করেছেন বন্নি হাসান ও ইয়াশ রোহান। দুজনের উপস্থিতি গল্পটিতে ভিন্নমাত্রার আবেগ ও বাস্তবতার ছোঁয়া যোগ করবে বলেই প্রত্যাশা করছে দর্শক।
ফ্ল্যাশ ফিকশনটি পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম, যিনি সব সময়ই গল্প বলার স্বতন্ত্র ধরন ও সংবেদনশীল উপস্থাপনার জন্য প্রশংসিত। তার নির্মাণে সাধারণ মানুষের জীবনের ছোট ছোট মুহূর্তগুলোও হয়ে ওঠে অসাধারণ।
‘পথের প্যাঁচাল’ মুক্তি পাচ্ছে আজ ৭ মে, চরকিতে ফ্ল্যাশ ফিকশন হিসেবে। সংক্ষিপ্ত দৈর্ঘ্যের হলেও এটি দর্শকদের মনে গভীর ছাপ ফেলবেÑ এমনটাই আশা নির্মাতা ও সংশ্লিষ্টদের।
জীবনের পথে চলতে চলতে জমে থাকা অজস্র গল্পের এক আবেগঘন উপস্থাপন হতে যাচ্ছে ‘পথের প্যাঁচাল’, যা দর্শকদের নতুন করে ভাবতে শেখাবে পথ আর জীবনের সম্পর্ক নিয়ে।