প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৬ ১৭:২৬ পিএম
বিশ্ব মা দিবসকে সামনে রেখে আবারও বিশেষ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা-যার অভিনয়গুণে যেমন তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তেমনি ব্যক্তিজীবনেও একজন আদর্শ মা হিসেবে গড়ে তুলেছেন অনন্য পরিচয়।
সামনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ‘আনন্দ মেলা’র আজীবন সম্মাননা গ্রহণের অপেক্ষায় থাকা এই গুণী অভিনেত্রী, এরই মধ্যে আরেকটি গৌরবময় স্বীকৃতি পেতে চলেছেন। আগামী ১০ মে, বিশ্ব মা দিবস উপলক্ষে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘মা পদক ২০২৬’ অনুষ্ঠানে তাকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হবে।
আলী-রুপা ফাউন্ডেশনের তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায়, সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে এবং মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে গ্রিনভিউ গলফ রিসোর্ট নিবেদিত এ আয়োজন অনুষ্ঠিত হবে। চলচ্চিত্রে মায়ের চরিত্রে অনবদ্য অভিনয় এবং ব্যক্তিজীবনে একজন সফল মা হিসেবে অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হচ্ছে।
এ বিষয়ে ববিতা বলেন, চলচ্চিত্রে অবদানের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা ও একুশে পদক অর্জন করেছেন। তবে একজন মা হিসেবে এই স্বীকৃতি তার কাছে সবচেয়ে বেশি সম্মানের এবং জীবনের এই পর্যায়ে এসে এটি বিশেষভাবে অর্থবহ বলে মনে করছেন তিনি।
উল্লেখ্য, এর আগে ‘মা পদক’-এ বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন শবনম, দিলারা জামান, আনোয়ারা ও চিত্রলেখা গুহ। চলতি বছর সংস্কৃতি অঙ্গন, সাংবাদিকতা, ব্যাংক, আইন-বিচার, বিমান বাহিনী ও চিকিৎসা পেশাসহ বিভিন্ন ক্ষেত্র থেকে মোট ১২ জন সফল সন্তানের মাকে এ পদকে সম্মানিত করা হবে।