প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৬ ১২:৪০ পিএম
রকস্টার সিনেমার টিজারের দৃশ্যে।
ঢালিউডের বাণিজ্যিক সিনেমায় নতুনত্ব আর স্টারডমের এক অনন্য মিশেল হয়ে উঠেছেন শাকিব খান। গত কয়েক বছরে তিনি নিজেকে বারবার ভেঙে নতুনভাবে গড়ে তুলেছেন-কখনো ‘রাজকুমার’-এর রোমান্টিক আবহ, আবার কখনো ‘তুফান’-এর অ্যাকশনঝড় দিয়ে দর্শকদের মাতিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি হাজির হচ্ছেন সম্পূর্ণ ভিন্ন এক অবতারে-রকস্টার রুপে। তার এই নতুন রূপ ইতিমধ্যেই ভক্তদের মধ্যে কৌতূহল আর উত্তেজনার জন্ম দিয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’-এর অফিসিয়াল টিজার। প্রায় এক মিনিট বিশ সেকেন্ডের এই টিজারে শুরু থেকেই তৈরি করা হয়েছে এক রহস্যময় আবহ। প্রথম দৃশ্যেই দেখা যায়, ঘুম ভাঙার পর ধীরে ধীরে চোখ মেলছেন শাকিব খান। এই দৃশ্যের সঙ্গে ভেসে আসে একটি আকর্ষণীয় সংলাপ-“মিউজিক মানে শুধু অ্যাকোস্টিক না, সামটাইম সুপারস্টার ফিউচার অফ রকস্টার”-যা শোনা যায় তারিক আনাম খান-এর কণ্ঠে। সংলাপটি পুরো টিজারের ভাবনায় এক ধরনের গভীরতা যোগ করেছে।
টিজারজুড়ে শাকিব খানকে দেখা গেছে একেবারে স্টাইলিশ ও আধুনিক লুকে, যা তার আগের চরিত্রগুলোর থেকে আলাদা। বিশেষ করে একটি গানের অংশ দর্শকদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। সেখানে আবেগঘন সুরে শোনা যায়-‘আমাকে উড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও, ও নীল আকাশে আমাকে নিয়ে যাও তোমার সাথে।’ এই গানের লিরিক ও সুর মিলিয়ে তৈরি হয়েছে এক ধরনের মায়াবী আবহ, যা ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
মজার বিষয় হলো, পুরো টিজারে শাকিব খানের সংলাপ খুবই সীমিত রাখা হয়েছে। শেষ মুহূর্তে তিনি নিজেই বলেন, “আমাকে নিয়ে যাও তোমার সাথে”-যা টিজারের আবেগকে আরও তীব্র করে তোলে এবং দর্শকদের মনে গল্প নিয়ে কৌতূহল বাড়িয়ে দেয়।
সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা ও সাবিলা নূর। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারিক আনাম খানসহ আরও অনেক পরিচিত মুখ।
সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত ‘রকস্টার’ চলতি বছরের ঈদুল আযহায় মুক্তি পাবে।