প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৬ ১১:৩৩ এএম
উৎসবে বাংলাদেশ থেকে নয়া মানুষ, আগন্তুক, উড়াল’, নয়া নোট, দ্য ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল এবং পাথর হওয়ার গল্প স্থান পেয়েছে
লন্ডনে শুরু হতে যাচ্ছে ২৭তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যা আগামী ১৭ থেকে ২৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনের ঐতিহাসিক জেনেসিস সিনেমা হলে। সপ্তাহব্যাপী এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রপ্রেমীরা এক ছাদের নিচে উপভোগ করবেন বৈচিত্র্যময় গল্প ও সংস্কৃতির মেলবন্ধন।
রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে এবারের উৎসবে বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও ইরানসহ মোট ১০টি দেশের ৪০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বৈশ্বিক সিনেমার এই মিলনমেলা শুধু বিনোদনের নয়, বরং সাংস্কৃতিক বিনিময়ের এক গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবেও বিবেচিত হচ্ছে। উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের ‘আগন্তুক’, যা ১৭ মে দুপুর ১২টায় প্রদর্শিত হবে। আর সমাপনী দিনে, ২৩ মে সন্ধ্যা ৬টায় ভারতের ‘স্বার্থপর’ সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন। পুরো সপ্তাহজুড়ে চলবে নানা দেশের চলচ্চিত্র প্রদর্শনী, যেখানে দর্শকরা পাবেন ভিন্নধর্মী গল্প বলার স্বাদ।
বাংলাদেশ থেকে ‘নয়া মানুষ’ ও ‘আগন্তুক’-এর পাশাপাশি আরও বেশকিছু চলচ্চিত্র স্থান পেয়েছে এই উৎসবে। এর মধ্যে রয়েছে ‘উড়াল’, ‘নয়া নোট’, ‘দ্য ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’ এবং ‘পাথর হওয়ার গল্প’। এসব চলচ্চিত্রের মাধ্যমে দেশের সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক বাস্তবতার নানা দিক তুলে ধরা হবে আন্তর্জাতিক দর্শকের সামনে।
রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমাদ মুজতবা জামাল জানান, দীর্ঘদিন ধরেই এই উৎসব নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে এবং এবারও সফল আয়োজনের প্রত্যাশা করছেন তারা। তিনি বিশেষভাবে লন্ডনের বাংলাদেশি কমিউনিটিকে উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে দেশের চলচ্চিত্র আরও বেশি উৎসাহ পায়।
অন্যদিকে ‘নয়া মানুষ’ চলচ্চিত্রের নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ বাংলাদেশের চলচ্চিত্রের জন্য গর্বের বিষয়। তার ভাষায়, এই চলচ্চিত্র সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে এবং বর্তমান প্রেক্ষাপটে এক ধরনের প্রতিবাদ হিসেবেও কাজ করে।
উৎসবে ইরান, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন ও তাজিকিস্তানের প্রশংসিত চলচ্চিত্রও প্রদর্শিত হবে। সমাপনী অনুষ্ঠান ছাড়া জেনেসিস সিনেমা হলের সব প্রদর্শনী সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে, যা সিনেমাপ্রেমীদের জন্য দারুণ এক সুযোগ।