প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৬ ১৩:৫৬ পিএম
নেপালের অভিনেত্রী রাজেশ্রী থাপা।ছবি: সংগৃহীত।
বাংলা নাট্যজগতের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ আবারও হাজির হচ্ছে নতুন চমক নিয়ে আর এবারের চমকের গন্তব্য দেশের গণ্ডি পেরিয়ে নেপাল পর্যন্ত। কাজল আরেফিন অমি পরিচালিত এই বহুল আলোচিত সিরিজের পঞ্চম সিজনের শুটিং চলছে নেপালের মনোরম লোকেশনে।
সেখানেই যুক্ত হয়েছেন নেপালের অভিনেত্রী রাজেশ্রী থাপা, যা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে তৈরি করেছে বাড়তি আগ্রহ। নির্মাতা নিজেই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সিজন ফাইভের চ্যাপ্টার ১২-তে দর্শকদের জন্য অপেক্ষা করছে বিশেষ এক সারপ্রাইজ; যেখানে দেখা যাবে এই নতুন মুখকে।
ফেসবুকে রাজেশ্রী থাপার ছবি শেয়ার করে অমি মজার ছলে ভক্তদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেনÑ ‘চরিত্রটি কে হতে পারে?’ আর এতেই কমেন্ট বক্সে ভেসে আসে হাজারো মজার প্রতিক্রিয়া।
গত কোরবানির ঈদ থেকে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে শুরু হওয়া ‘ব্যাচেলর পয়েন্ট ফাইভ’ শুরু থেকেই দিচ্ছে একের পর এক চমক। প্রায় পাঁচ বছর পর নেহাল ও আরিফিন চরিত্রে ফিরে এসেছেন তৌসিফ মাহবুব ও শামীম হাসান সরকার, যা দর্শকদের জন্য ছিল বড় আকর্ষণ। পাশাপাশি নতুন কিছু চরিত্রও যুক্ত হয়েছে গল্পে।
এবারের সিজনে আরও অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মনিরা মিঠুসহ অনেকেই। ওটিটি প্লাটফর্মের পাশাপাশি ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলেও, যেখানে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছেই।